২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র পরির্দশকদের জন্য প্রস্তুত হচ্ছে উ. কোরিয়া: সিউল

পারমাণবিক পরীক্ষা কেন্দ্র যাচাইয়ে পিয়ংইয়ংয়ে আন্তর্জাতিক অস্ত্র পরিদর্শকদের সম্ভাব্য সফরের জন্য  উত্তর কোরিয়া প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Oct 2018, 09:46 PM

Updated : 08 Apr 2022, 07:15 PM

ইয়ুনহাপ বার্তা সংস্থার বরাত দিয়ে আইএএনএস জানায়, বুধবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টারি অডিটে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এ তথ্য দিয়েছে।

গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়, “যেসব লক্ষণ দেখা যাচ্ছে তাতে উত্তর কোরিয়া দেশের বাইরের বিশেষজ্ঞদের অস্ত্র পরিদর্শন করতে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলেই মনে হচ্ছে।”

গত বছর মে মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ-ইনের ঐতিহাসিক সম্মেলনের পরই উত্তরের সেনারা আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমের উপস্থিতিতে তাদের পুংগে-রি পরমাণু ক্ষেত্রের টানেল ধ্বংস করে।

যদিও তখন সেখানে কোনো পরমাণু বিশেষজ্ঞ ছিলেন না। উত্তর কোরিয়া এখন পর্যন্ত ছয়টি পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে, যার সবগুলোই পুংগে-রি পরমাণু ক্ষেত্র থেকে।

মে’র ওই সম্মেলনে দুই নেতা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করার বিষয়ে একমত হয়েছেন এবং সে লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পিয়ংইয়ংয়ে যান। সেখান থেকে ফিরে তিনি বলেন, উত্তর কোরিয়ার নেতা যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক অস্ত্র পরিদর্শক দলকে পুংগে-রি পরমাণু ক্ষেত্রে যাওয়ার অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি তাকে দিয়েছে।