দলীয় প্রধানের দায়িত্ব ছাড়ছেন জার্মানির চ্যান্সেলর মের্কেল
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তার দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) প্রধানের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন৷ আর ২০২১ সালে চ্যান্সেলরের পদ থেকেও পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি বাভেরিয়ায় এবং রোববার হেসে রাজ্যের আঞ্চলিক নির্বাচনে দলের সমর্থনে বিরাট ধস নামার পরই এমন সিদ্ধান্ত নিলেন মের্কেল৷
ডিসেম্বরে দলের প্রধানের দায়িত্বে মের্কেল আর লড়বেন না বলেও সোমবার জানিয়েছেন তার দলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা৷
মের্কেল ২০০০ সাল থেকে সিডিইউ'র নেতৃত্বে আছেন৷ ২০০৫ সালে তিনি প্রথমবার চ্যান্সেলর নির্বাচিত হন৷
২০২১ সালে চ্যান্সেলর পদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে মের্কেল বার্লিনে এক সংবাদ সম্মেলনে বলেন, “মেয়াদ শেষের পর আমি আর কোনো রাজনৈতিক পদের জন্যই লড়ব না।”
বিচক্ষণ এবং বাস্তববাদী একজন নেত্রী হিসাবে দেশের প্রথম নারী চ্যান্সেলর হয়েছিলেন মের্কেল।
কিন্তু পরবর্তীতে শরণার্থীদের প্রতি অবারিত দ্বারের কারণে মের্কেলের নেতৃত্ব নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয় এবং জার্মানিতে অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) মত অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থি দলগুলোর উত্থান ঘটে। গ্রিন পার্টিরও জাতীয় সমর্থন বাড়তে থাকে।
মের্কেলের অভিবাসন নীতির কারণে তার বিভক্ত জোট সরকারের পাশাপাশি নিজের রাজনৈতিক দলের সমর্থনেও ধস নামে।
কোলন শহরে বর্ষবরণের রাতে নারীদের যৌন হয়রানির ঘটনায় অভিবাসীরা জড়িত থাকার ঘটনা এবং দেশে জঙ্গি হামলার ঘটনায় মের্কেলের জনপ্রিয়তায় ধস নামে। এরপরও মের্কেল শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে তার নীতি নিয়ে ভুল স্বীকার করেননি।
মের্কেল দলীয় প্রধানের পদ ছাড়ার পর সেখানে স্বাস্থ্যমন্ত্রী, নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার প্রধানমন্ত্রী কিংবা সিডিইউ’র পার্টি সেক্রেটারির স্থলাভিষিক্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে।
