২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের সেলফোনে আড়িপাতছে চীন-রাশিয়া: নিউ ইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেলফোন কলে চীন এবং রাশিয়া আড়িপাতছে বলে মার্কিন গোয়েন্দারা জানতে পেরেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 09:48 PM

Updated : 08 Apr 2022, 07:13 PM

ট্রাম্প তার আইফোনে পুরোনো বন্ধুবান্ধবের সঙ্গে ‘খোশগল্প কিংবা কোনো অভিযোগ জানানো’ যে জন্যই হোক, যখনই ফোন করেন তখনই তাতে আড়িপাতা হয়। চীন এবং রাশিয়ার গুপ্তচররা নিয়মিতই একাজ করে আসছে।

কিন্তু এ বিষয়টি ট্রাম্পকে জানানোর পরও তিনি সেলফোনে কথা বলা বন্ধ করেননি। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা বুধবার তাদের এক প্রতিবেদনে এ দাবি করেছে।

বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চীনের গুপ্তচররা ট্রাম্পের আইফোন কলে আড়িপেতেছে। প্রেসিডেন্টের সহযোগীরাও তাকে বলেছেন যে, রাশিয়ার চররাও তার ফোন কল নিয়মিত শুনছে।

নিউ ইয়র্ক টাইমস বলছে, ট্রাম্পের সহযোগীরা একাধিকবার তাকে তার সেলফোনে কথা বলা নিরাপদ নয় বলে সতর্ক করেছে। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পকে হোয়াইট হাউজের নিরাপদ ল্যান্ড টেলিফোনে কথা বলার জন্য অনেক চাপাচাপিও করা হয়েছে। কিন্তু তারপরও ট্রাম্প সেলফোনে কথা বলার অভ্যাস ছাড়ছেন না। কর্মকর্তারা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অতীতেও নিরাপত্তা বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

পত্রিকাটি জানায়, মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের ফোনে আড়িপেতে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধের ক্ষেত্রে নিজেদের কাজে আসে এমন কোনো পথ বের করার চেষ্টা করতে চাইছে। চীনে যেসব মার্কিনির বড় ধরনের বিনিয়োগ আছে তাদের কারো সঙ্গে ট্রাম্পের কথপোকথন চীন ভাল করে শোনে।

ট্রাম্প যাদের সঙ্গে কথা বলেন তাদের সঙ্গে বন্ধুত্ব আছে এমন লোকজনকে প্রভাবিত করার চেষ্টায় চীন নিজেদের ব্যবসায়ীদেরকেও কাজে লাগাচ্ছে। চীনের মত রাশিয়াও তাদের কাজে আসতে পারে এমন কিছুর জন্য ট্রাম্পের কথা থেকে ছোটখাট যে কোনো ক্লু খোঁজার চেষ্টায় থাকে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তবে ট্রাম্প বৃহস্পতিবারই এক টুইটে নিউ ইয়র্ক টাইমসের এ প্রতিবেদন উড়িয়ে দিয়ে বলেছেন, তিনি কেবল সরকারি ফোনই ব্যবহার করেন। আর কখনো কখনো সরকারি সেল ফোন ব্যবহার করেন।

কিন্তু প্রতিবেদনে তার ফোনকলে চীন ও রাশিয়ার আড়িপাতার যে গোয়েন্দা তথ্যের উল্লেখ করা হয়েছে সে ব্যাপারে ট্রাম্প তাৎক্ষণিকভাবে কিছু বলেননি।