মার্কিন সমর্থন ছাড়া খাশুগজিকে হত্যার সাহস রিয়াদের নেই: ইরান
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া সৌদি আরব সাংবাদিক জামাল খাশুগজিকে হত্যা করার সাহস পেত না।
বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় রুহানি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আজকের দুনিয়ায় নতুন এ শতাব্দীতে এসে এরকম একটি সুসংগঠিত হত্যাকাণ্ড আমরা দেখব আর একটা দেশ এরকম একটি জঘন্য খুনের পরিকল্পনা করবে সেটা কেউই কল্পনা করতে পারবে না।”
“যুক্তরাষ্ট্রের ছত্রছায়া ছাড়া একটি দেশ এমন একটা অপরাধ করার সাহস করবে বলে আমি মনে করি না।”
নিজের বিয়ের কাগজপত্র আনতে চলতি মাসের প্রথম দিকে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে গিয়েছিলেন ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট খাশুগজি। সৌদি গুপ্তচররা ওই কনসুলেটের ভেতরেই এ সৌদি সাংবাদিককে হত্যা করে বলে তুরস্কের তদন্তে বেরিয়ে এসেছে।
রুহানি তার বক্তব্যে তুরস্ক সরকারকে এ বর্বর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানান।
তাছাড়া, ইয়েমেনে বেসামরিক নাগরিকদের ওপর সৌদি জোটের হামলার পেছনেও যুক্তরাষ্ট্রের হাত আছে বলে তিনি অভিযোগ করেন। সৌদি আরবের শাসন ব্যবস্থারও কড়া সমালোচনা করেন রুহানি।
ইরান এবং সৌদি আরব একে অপরের আঞ্চলিক প্রতিপক্ষ। সিরিয়া, ইয়েমেনের যুদ্ধে দু’দেশ বিপরীত দু’পক্ষকে সমর্থন দিয়েছে। তাছাড়া, ইরাক এবং লেবাননেও দেশ দুটি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলগুলোকে সমর্থন দিয়ে আসছে।
