২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গর্ভপাত মানে খুনি ভাড়া করে কাউকে হত্যা: পোপ

গর্ভপাত করা মানে ভাড়াটে খুনি দিয়ে কাউকে হত্যা করার সামিল বলে মন্তব্য করেছেন বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Oct 2018, 12:40 AM

Updated : 08 Apr 2022, 07:09 PM

বুধবার ভ্যাটিকানে এক প্রার্থনা সভায় সমবেতদের উদ্দেশে ভাষণে এ মন্তব্য করেন তিনি। পোপ বলেন, “মানুষের জীবন কেড়ে নেওয়াটাই ভুল কাজ। সে জীবন যত ছোটই হোক না কেন।”

তিনি বলেন, “গর্ভ থেকে একটি জীবনকে বিচ্ছিন্ন করে ফেলাটা কাউকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার মত।”

“একটি মানব জীবন থেকে মুক্তি পাওয়ার এ চেষ্টা ভাড়াটে খুনি দিয়ে কোনো সমস্যা সমাধান করার মতোই ব্যাপার”।

প্রশ্ন করে তিনি বলেন, “ভাড়াটে খুনি দিয়ে সমস্যার সমাধান করা কি ন্যায়সঙ্গত?” উপস্থিত দর্শকশ্রোতাদের মধ্যে তখন ‘না’ রব ওঠে।

সেন্ট পিটার্স স্কয়ারের ওই ভাষণের জন্য তৈরি লিখিত বক্তব্যের বাইরে গিয়ে পোপ এসব কথা বলেন। যুদ্ধ, শোষণের মতো বিষয়গুলোর পাশাপাশি তিনি গর্ভপাত নিয়ে কথা বলেন।

“বেড়ে উঠতে থাকা নিষ্পাপ আর অসহায় একটি জীবনকে শেষ করে দেওয়াটা উপকারী, সভ্য কিংবা মানবিক হয় কী করে?” বলেন পোপ।

আর্জেন্টিনায় কয়েকমাস আগে গর্ভপাত বৈধ করতে একটি বিল প্রস্তাব করা হলে পোপ ফ্রান্সিস তার বিরোধিতা করেছিলেন। তার এ পদক্ষেপে আর্জেন্টিনার হাজারো ক্যাথলিক গির্জা ত্যাগ করেন।