১৩ প্রাণ কেড়ে ফ্লোরিডায় ধেয়ে যাচ্ছে হারিকেন মাইকেল
মধ্য আমেরিকার দেশগুলোতে ১৩ জনের মৃত্যু ঘটিয়ে এবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফ্লোরিডয় ধেয়ে যাচ্ছে হারিকেন মাইকেল।
এ ঝড় আঘাত হানার দুই দিন আগে থেকেই ফ্লোরিডা উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া শুরু হয়েছে।
মঙ্গলবার মাইকেল তিন মাত্রার ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং পরদিন আরো শক্তিশালী হয়ে এটি ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে পারে।
এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটারের বেশি থাকতে পারে। যদি তাই হয় তবে মাইকেল হবে গত ১৫ বছরের মধ্যে ফ্লোরিডায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।
ঘূর্ণিঝড়ের সঙ্গে উঠে আসা বৃষ্টিতে ভূমিধস এবং আকস্মিক বন্যার আশঙ্কাও প্রকাশ করেছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।
ফ্লোরিডার গভর্নর রিক স্কট উপকূলীয় ৩৫ টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। ওইসব এলাকায় বাধ্যতামূলক উদ্ধার অভিযান চলছে।
উদ্ধার অভিযান এবং জরুরি ত্রাণ বিতরণের জন্য ১,২৫০ জন ন্যাশনাল গার্ড এবং চার হাজারের বেশি সেনা সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
প্রতিবেশী আলাবামার গভর্নর কেই আইভিও পুরো অঙ্গরাজ্য জুড়ে সোমবার জরুরি অবস্থা জারি করেছেন।
