নাজিবের স্ত্রীর বিরুদ্ধে মুদ্রাপাচারসহ ১৭ অভিযোগ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মানসুরের বিরুদ্ধে মুদ্রাপাচারসহ বিভিন্ন অপরাধের ১৭টি অভিযোগ আনা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় তহবিল থেকে বিলিয়ন বিলিয়ন ডলার লোপাট নিয়ে দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর তদন্তের মধ্যেই বৃহস্পতিবার রোসমাহর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তারা এ আনুষ্ঠানিক অভিযোগ আনলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বুধবার গ্রেপ্তারের পর কয়েদখানায় রাত কাটানো সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে সকালে কুয়ালা লামপুরের আদালতে নিয়ে আসা হয়, এখানে কৌঁসুলিরা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান।
সব অভিযোগেই নিজেকে নির্দোষ দাবি করেছেন রোসমাহ।
মুদ্রাপাচার, ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় ওয়ানমালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ান এমডিবি) তহবিল থেকে বিলিয়ন বিলিয়ন ডলার গায়েব করে বিশ্বাস ভঙ্গসহ ৩২টি অভিযোগে তার স্বামী সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকেরও বিচার চলছে।
মে-র সাধারণ নির্বাচনে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী নাজিবও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
রোসমাহর বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে ওয়ান এমডিবি তহবিল সংক্রান্ত তদন্তের কোনো যোগসূত্র আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রাষ্ট্রীয় ওই তহবিলের দুর্নীতি নিয়ে যারা তদন্ত করছেন, তাদের তিন দফা জিজ্ঞাসাবাদের পরপরই সাবেক প্রধানমন্ত্রীর এ স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
বুধবার শেষ দফা জিজ্ঞাসাবাদ প্রায় ১৩ ঘণ্টা ধরে চলে বলে জানিয়েছে রয়টার্স।
কয়েক ডজন সশস্ত্র পুলিশ কর্মকর্তার পাহারায় আদালতে আসা রোসমাহকে হাসতে, হাত নাড়তে ও গণমাধ্যমের উদ্দেশ্যে চুমু ছুড়ে দিতেও দেখা গেছে।
তদন্ত কর্মকর্তারা তার বিরুদ্ধে অবৈধ আয় ও কর দেওয়ার সময় তা গোপনের অভিযোগ এনেছেন। দুটিই মুদ্রাচপাচারবিরোধী আইনের লংঘন।
রোসমাহ এক সাক্ষীকে তার পক্ষে বলার জন্য অনুরোধ করেছেন জানিয়ে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে জামিন না দিতেও অনুরোধ করেন সরকারি কৌঁসুলিরা।
“সাক্ষী প্রভাবিত হতে পারেন এমন সত্যিকারের বিপদ থাকলে জামিন দেওয়ার নিয়ম নেই,” আদালতে বলেছিলেন কৌঁসুলি গোপাল শ্রী রাম।
বিচারক ওই আবেদন অগ্রাহ্য করে ২০ লাখ রিঙ্গিতে (প্রায় চার লাখ ৮৩ হাজার ডলার) রোসমাহর জামিন ঠিক করে দেন।
মুদ্রাপাচারের অভিযোগগুলো প্রমাণিত হলে মালয়েশিয়ায় সর্বোচ্চ ১৫ বছরের সাজা এবং যে পরিমাণ অর্থ অবৈধভাবে স্থানান্তর হয়েছে তার ন্যূনতম পাঁচগুণ কিংবা ৫০ লাখ রিঙ্গিতের মধ্যে যেটি বেশি হয়, সেটি জরিমানা করার বিধান রয়েছে।
বৃহস্পতিবার কুয়ালা লামপুরের অন্য একটি আদালতকক্ষে বিচার-পূর্ব শুনানিতে নাজিবকেও হাজির করা হয়।
রাষ্ট্রীয় ওয়ান এমডিবি তহবিলের একটি ইউনিট এসআরসি ইন্টারন্যাশনালের হিসাব থেকে নিজের অ্যাকাউন্টে এক কোটিরও বেশি ডলার অবৈধ উপায়ে স্থানান্তরের বেশ কয়েকটি অভিযোগে সাবেক এ প্রধানমন্ত্রীর বিচার চলছে।
নাজিব অবশ্য প্রথম থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।
যুক্তরাষ্ট্র. সুইজারল্যান্ড, সিঙ্গাপুরসহ ছয়টি দেশ ওয়ান এমডিবি তহবিলের অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখছে।
