২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে নতুন প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী, অচলাবস্থার অবসান

কয়েক মাসের অচলাবস্থার পর নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে ইরাকি পার্লামেন্ট। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2018, 04:02 PM

Updated : 08 Apr 2022, 07:07 PM

মঙ্গলবার দেশটির পার্লামেন্ট কুর্দি রাজনৈতিক নেতা বারহাম সালিহকে প্রেসিডেন্ট নির্বাচিত করে বলে জানিয়েছে রয়টার্স।

নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সালিহ প্রধানমন্ত্রী হিসেবে শিয়া নেতা আদেল আবদুল মাহদির নাম ঘোষণা করেন।

এর মাধ্যমে মে মাসে ইরাকে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হল।

জাতীয় নির্বাচনে কোন জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তা নির্ধারিত না হওয়ায় যে সংকট দানা বেধেছিল, মঙ্গলবার নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পেয়ে তা কাটল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সাদ্দাম হুসেনের পতনের পর থেকে শুরু হওয়া রেওয়াজ অনুযায়ী কুর্দি সম্প্রদায়ের ভেতর থেকেই দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। 

আদতে পদটি আলঙ্কারিক হলেও ভোটে কুর্দি নেতা সালিহর এ জয়কে নতুন সরকার গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।  

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী সাদ্দাম হোসেনকে উৎখাত করে ইরাক দখল করার পর থেকে দেশটির ক্ষমতা কাঠামো সুন্নি, শিয়া ও কুর্দি সম্প্রদায়ের মধ্যে ভাগাভাগির রেওয়াজ তৈরি হয়।

সংবিধান অনুযায়ী ৫৮ বছর বয়সী ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত প্রকৌশলী সালিহ ইরাকের কেন্দ্রীয় সরকার ও কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের প্রধান হবেন।

দায়িত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রেসিডেন্টকে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার সময়সীমা দেওয়া থাকলেও কুর্দি এ নেতা নির্বাচিত হওয়ার দুই ঘণ্টারও কম সময়ের মধ্যেই শিয়া নেতা আদেল আবদুল মাহদিকে নতুন মন্ত্রিসভা গঠনের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীই দেশটির সরকার ব্যবস্থায় সবচেয়ে প্রভাবশালী। রেওয়াজ অনুযায়ী ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আরবদের মধ্যে থেকে নির্বাচিত হন, স্পিকার হন সুন্নি সম্প্রদায়ের।

মাহদি এর আগে ইরাকের ভাইস প্রেসিডেন্ট, তেলমন্ত্রী ও অর্থমন্ত্রীরও দায়িত্ব পালন করেছেন। নিয়ম অনুযায়ী তিনি এখন মন্ত্রিসভা গঠন করে পার্লামেন্টে অনুমোদনের জন্য ৩০ দিনের সময় পাবেন।

তাকে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে চার বছরের লড়াইয়ের পর দেশ পুনর্গঠন, জাতিগত ও সম্প্রদায়গত বিরোধের মীমাংসা এবং প্রধান দুই মিত্র দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলার মতো গুরু দায়িত্ব পালন করতে হবে।

৭৬ বয়সী প্রশিক্ষিত অর্থনীতিবিদ মাহদি ১৯৬৯ সালে ইরাক থেকে নির্বাসিত হয়ে ফ্রান্সে চলে গিয়েছিলেন; সেখানে তিনি বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে কাজ করেন এবং ফরাসী ও আরবিতে বিভিন্ন ম্যাগাজিনের সম্পাদনা করেন।

মাহদির বাবা ছিলেন শ্রদ্ধাভাজন শিয়া নেতা, যিনি ইরাকে রাজতন্ত্রের যুগেও মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়ার পথে মাহদি মে-র নির্বাচনে নিজেদের সংখ্যাগরিষ্ঠ দাবি করা পরস্পর বিরোধী দুই অংশেরই সমর্থন পেয়েছেন।

অংশ দুটির একটির নেতৃত্ব দিচ্ছেন শিয়া নেতা মোকতাদা আল সদর ও বিদায়ী প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। অন্যটিতে আছেন ইরান সমর্থিত শিয়া আধাসামরিক বাহিনীর নেতা হাদি আল-আমিরি ও আরেক সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি।

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বন্দ্ব থাকলেও মাহদির ব্যাপারে দুই পক্ষই একমত হয়।

শিয়া নেতা আমিরি ও মালিকিকে ইরাকে ইরানের দুই ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে আবাদিকে দেখা হয় যুক্তরাষ্ট্রের পছন্দের ব্যক্তি হিসেবে। তার সঙ্গে একই অংশে থাকা সদর অবশ্য নিজেকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত জাতীয়তাবাদী হিসেবে অ্যাখ্যা দিয়ে থাকেন।

দুই অংশই নিজেদের সংখ্যাগরিষ্ঠ দাবি করায় সরকার গঠন নিয়ে ইরাকের পার্লামেন্টে অচলাবস্থার সৃষ্টি হয়। এর মধ্যেই দেশটির বিভিন্ন অঞ্চলে সরকারি সেবা, বেকারত্ব, পুনর্গঠনে ধীরগতি নিয়ে জনঅসন্তোষ ও বিক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়।

সদর নেতৃত্বাধীন অংশও মাহদির মনোনয়নকে স্বাগত জানিয়েছে। শিয়া এ নেতার মঙ্গলবারের টুইটেও প্রধানমন্ত্রী পদ নিয়ে সমঝোতার ইঙ্গিত ছিল।

“সবচেয়ে বড় রাজনৈতিক অংশের চেয়েও বড় ইরাক,” বলেছিলেন তিনি।

মাহদিকে স্বাগত জানান বিদায়ী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদিও।

নতুন প্রধানমন্ত্রীর সফলতা কামনা করে তিনি বলেন, শিয়াদের মধ্যে ক্রিয়াশীল সব গোষ্ঠীই এই সিদ্ধান্তে এসে পৌঁছেছে যে তাদের দ্বন্দ্ব শিয়াদের ভেতর অভ্যন্তরীণ সংঘাতের সূচনা করতে পারে, যা ইরাকে তাদের অবস্থানকে দুর্বলই করবে।

“এখন আবদুল মাহদি প্রধানমন্ত্রী হওয়ায় কেউই হারেনি বা জেতেনি, সবাই খুশি হয়েছে,” বিবৃতিতে বলেন আবাদি।