২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ মাস পর সরানো হল মালয়েশিয়া বিমানবন্দরে আটকা পড়া সিরীয়কে

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ মাস কাটানো সিরীয় যুবক হাসান আল কোন্তারকে শেষ পর্যন্ত সেখান থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকতারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2018, 08:18 PM

Updated : 08 Apr 2022, 07:06 PM

টার্মিনালে আটকা পড়া হাসানের ঠিকানাই যেন হয়ে উঠেছিল এ বিমানবন্দর। এ বছরের শুরুর দিকে বিমানবন্দরে তার বসবাস আন্তর্জাতিক গণমাধ্যমেও খবরের শিরোনাম হয়েছিল।

বিমানবন্দর পুলিশের এক মুখপাত্র মঙ্গলবার বিবিসি’কে বলেন, হাসান আর টার্মিনালে নেই।

জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ হাসানকে আভিবাসন অধিদপ্তরে হস্তান্তর করতে পারে বলে জানিয়েছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান।

সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান এড়াতে হাসান সিরিয়া ছাড়ার পর তৃতীয় আরেকটি দেশে আশ্রয় প্রার্থনা করেন।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে তিনি আর দেশে ফিরে যাননি। ওই সময়ে তিনি সংযুক্ত আরব আমিরাতে একটি বীমা কোম্পানিতে কাজ করতেন।

কিন্তু সমস্যা শুরু হয় পাসপোর্ট নবায়ন নিয়ে। যেহেতু বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেননি তাই তিনি পাসপোর্ট নবায়ন করতে পারছিলেন না। যদিও তিনি যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতেও রাজি ছিলেন না। তার ভয় ছিল দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে।

তাই তিনি অবৈধভাবেই সংযুক্ত আরব আমিরাতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ২০১৬ সালে অবৈধ অভিবাসী হিসেবে আমিরাত পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নানা চেষ্টার পর ২০১৭ সালে হাসান নতুন পাসপোর্ট হাতে পান এবং সংযুক্ত আরব আমিরাত থেকে মালয়েশিয়া যান। বিশ্বের যে অল্প কয়েকটি দেশ সিরিয়ার শরণার্থীদের ‘এরাইভাল ভিসা’ দেয় মালয়েশিয়া তার একটি।

হাসানকে তিন মাসের পর্যটক ভিসা দেওয়া হয়। ওই ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তিনি তুরস্ক যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি। তিনি ক্যাম্বোডিয়া গেলে সেখান থেকেও তাকে ফিরিয়ে দেওয়া হয়।

তারপর থেকেই কুয়ালালামপুর বিমানবন্দরের ‘অ্যারাইভাল এরিয়ায়’ ছিলেন হাসান। বিমানবন্দরকর্মীদের দেওয়া খাবার খেয়ে তিনি বেঁচে আছেন।

হাসান ইকুয়েডর ও ক্যাম্বোডিয়ায় আশ্রয় আবেদন করে ব্যর্থ হয়েছেন।

বিমানবন্দরে আটকে পড়া জীবন নিয়ে তিনি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। টুইটারে তার সর্বশেষ পোস্টে নিজের জীবনের কিছু ছবি দিয়েছেন।

তাকে এখন বিমানবন্দর থেকে সরানো হয়েছে জানিয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান বলেন, “আমরা রয়্যাল মালয়েশিয়ান পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।

“বহির্গমন অংশের অপেক্ষমান যাত্রীরা হয়ত কোন না কোন ফ্লাইটে চড়বেন। কিন্তু এই ব্যক্তি তা পারেননি। সবার জন্য উন্মুক্ত নয় এমন একটি জায়গায় তিনি মাসের পর মাস অবস্থান করেছেন, যে কারণে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতেই হয়েছে।”

হাসানকে এখন নিজে দেশ ফেরত পাঠাতে সিরিয়ার দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হতে পারে বলে জানান তিনি।

এ বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি।

এত দিন পর কি কারণে তাকে সরিয়ে নেওয়া হল বা গ্রেপ্তার করা হল তাও স্পষ্ট জানা যায়নি।

হাসানের অবস্থান সম্পর্কেও কিছু জানা যায়নি। বিবিসি থেকে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।