ট্রাম্পের সঙ্গে ‘হাত মেলাতে চান’ মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, পার্থক্য সত্ত্বেও তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলাতে চান।
আকস্মিকভাবে নিউ ইয়র্কে উড়ে গিয়ে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে সোশালিস্ট এ নেতা তার এ ইচ্ছার কথা প্রকাশ করেন বলে জানিয়েছে বিবিসি।
মঙ্গলবার ভেনেজুয়েলার ফার্স্ট লেডির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ওই নিষেধাজ্ঞাকে ‘অবৈধ ও একতরফা’ অ্যাখ্যা দেওয়ার একদিনের মাথায় মাদুরো ট্রাম্পের সঙ্গে হাত মেলাতে চাইলেন।
সোশালিস্ট এ নেতার বিরুদ্ধে অন্তত ছয়টি দেশ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলেছে। নিষেধাজ্ঞার মধ্যেই ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও।
ট্রাম্প অবশ্য আগে ভেনেজুয়েলার এ নেতার সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান, ভেনেজুয়েলাকে ‘সোজা করতে’ সব বিকল্পের কথাই ভাবা হচ্ছে।
২০১৪ সাল থেকে ভেনেজুয়েলাজুড়ে চলা ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট, মুদ্রাস্ফীতি, বিদ্যুৎ-খাদ্য-ওষুধের ঘাটতিতে এরই মধ্যে প্রায় ২৩ লাখ নাগরিক পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।
বুধবার সাধারণ পরিষদের মঞ্চে মাদুরো বলেন, “পার্থক্য সত্ত্বেও, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হাত নিয়ে যেতে রাজি আমি।”
লম্বা বক্তৃতায় নিজেকে ‘শ্রমিক, চালক ও জনগণের মানুষ’ হিসেবে অ্যাখ্যা দেওয়া ভেনেজুয়েলার এ প্রেসিডেন্ট বলেন, তিনি ‘চুম্বক নন’ যে সবাইকে ধরে রাখতে পারবেন।
যুক্তরাষ্ট্র একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলেও ভেনেজুয়েলার এ প্রেসিডেন্ট দুই বছর ধরেই ট্রাম্পের সঙ্গে বৈঠকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও ভাষ্য মার্কিন গণমাধ্যমগুলোর।
৫৫ বছর বয়সী সোশালিস্ট নেতা মাদুরো এর আগে ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশকে এমনভাবে আদেশ দেয়, যেন সেগুলো তার নিজস্ব সম্পত্তি।
অগাস্টে তার বিরুদ্ধে চালানো ড্রোন হামলার পেছনেও মার্কিন প্রশাসন ছিল বলে ধারাবাহিকভাবে অভিযোগ করে যাচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।
ওয়াশিংটন অবশ্য প্রথম থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
