বেলজিয়ামে পুলিশের ওপর ছুরি হামলা
বেলজিয়ামে এক ব্যক্তি ছুরি নিয়ে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাকে জখম করেছে। এ ঘটনার পরপরই আরেক পুলিশ কর্মকর্তার গুলিতে হামলাকারী গুরুতর আহত হয়েছে।
সোমবার রাজধানী ব্রাসেলসে একটি শরণার্থী কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।
ব্রাসেলস পুলিশ জানায়, শরণার্থী কেন্দ্রের বাইরে দুইজন ঘুমিয়ে ছিল। দুই পুলিশ কর্মকর্তা তাদের ঘুম থেকে তুলে সরে যেতে বলেন। তখন তাদের একজন ছুরি বের করে হুমকি দেয়।
পুলিশ ওই ব্যক্তিকে ছুরি ফেলে দিতে বললে সে তাতে রাজি না হয়ে বরং এক পুলিশ কর্মকর্তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন অন্য পুলিশ কর্মকর্তা হামলাকারীর বুকে ও পায়ে গুলি করে।
ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তার মাথায় কিছুটা কেটে গেছে। হামলাকারীর পরিচয় সম্পর্কে কিছু জানায়নি পুলিশ।
