ফ্লোরেন্সের আঘাতে যুক্তরাষ্ট্রে নিহত ১৪, ব্যাপক বন্যা
শক্তি হারিয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হওয়া হারিকেন ফ্লোরেন্সের প্রভাবে যুক্তরাষ্ট্রের নর্থ ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।
থেমে থেমে অগ্রসর হওয়া এ ঝড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ঝড়ের কারণে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে ভয়াবহ বন্যা দেখা দিয়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আবহাওয়া অফিস থেকে সতর্কতা জারি করা হয়েছে।
ফ্লোরেন্সের তাণ্ডবে ওই দুটি অঙ্গরাজ্যের অসংখ্য ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে; বন্যায় বিপর্যস্ত অনেক এলাকায় পানির উচ্চতা বাড়ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ঘণ্টায় ৬ কিলোমিটার গতিতে অগ্রসর হওয়ায় ঝড়টি আসছে দিনগুলোতে ওই অঞ্চলের বিশাল এলাকাকে প্লাবিত করতে পারে বলে শনিবার রাতে মিয়ামি থেকে জানিয়েছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) ।
“এর ফলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, কোনো কোনো এলাকায় বৃষ্টির পরিমাণ ইঞ্চিতে নয়, ফুটে মাপতে হচ্ছে,” সংবাদ সম্মেলনে বলেছেন নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার। নর্থ ক্যারোলাইনায় এরইমধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, সামনের দিনগুলোতে আরও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।
বৃষ্টি থামার পরও কয়েকদিন পর্যন্ত নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুপার।
সাউথ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার বলেছেন, “ঘূর্ণিঝড়ের পর এবার বন্যা আসছে।”
২৬ হাজারেরও বেশি লোক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন।
অসংখ্য সড়ক বন্ধ হয়ে গেছে। নদী ও পাহাড়ি ছড়াগুলোতে পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ ও সেতুগুলো ঝুঁকির মধ্যে আছে। কর্তৃপক্ষ ভূমিধস, টর্নেডো ও আকস্মিক বন্যার ঝুঁকির বিষয়ে সবাইকে সতর্ক করেছে।
শনিবার পর্যন্ত নর্থ ক্যারোলাইনায় প্রায় ছয় লাখ ৭৬ হাজার ও সাউথ ক্যারোলাইনায় এক লাখ ১৯ হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন ছিল।
ফ্লোরেন্সের কারণে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নর্থ ক্যারোলাইনার কর্মকর্তারা। আরও তিন জনের মৃত্যুর খবর প্রকাশিত হলেও তা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
সাউথ ক্যারোলাইনায় এক জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার রাত ১১টার দিকে দেওয়া আবহাওয়া বার্তায় এনএইচসি জানায়, ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বেগের বাতাস নিয়ে ফ্লোরেন্স খুব ধীরে সাউথ ক্যারোলাইনার ওপর দিয়ে পশ্চিমমুখে অগ্রসর হচ্ছে।
দুই ক্যারোলাইনার উপকূল বরাবর এলাকাগুলোতে ফ্লোরেন্স ১০২ সেন্টিমিটার এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যের দক্ষিণপশ্চিমাঞ্চলে ২৫ দশমিক চার ইঞ্চির মতো বৃষ্টিপাত ঘটাতে পারে বলে এনএইচসির পূর্বাভাসে বলা হয়েছে।
