২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার ইদলিবে প্রাণহানি এড়াতে ইরান-রাশিয়া-তুরস্ক বৈঠক

সিরিয়ায় বিদ্রোহী-নিয়ন্ত্রিত সর্বশেষ বড় ঘাঁটিটি পুনর্দখলের জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রস্তুতির মুখে সুতোয় ঝুলছে ইদলিবের ভাগ্য। সেখানে বড় ধরনের প্রণহানির ঘটনা এড়াতে তেহরানে বৈঠকে বসেছে ইরান, রাশিয়া ও তুরস্ক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2018, 08:43 PM

Updated : 08 Apr 2022, 06:58 PM

শুক্রবারের এ বৈঠকে ইদলিব পরিস্থিতি নিয়ে আলোচনা এবং সেখানে মানবিক বিপর্যয় এড়ানোর উপায় খোঁজার চেষ্টা নিয়েছে তিন দেশ।

সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে খুব শিগগিরই অভিযান শুরু করবে এমন আশঙ্কায় এলাকা ছেড়ে পালাচ্ছে শত শত মানুষ।

ইদলিবে সর্বাত্মক অভিযান শুরু হলে রক্তবন্যা বয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ আগেই ইদলিবে মানবিক বিপর্যয় নেমে আসার ব্যাপারে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্রও ইদলিবে হামলার ফল অপরিণামদর্শী হবে বলে হুঁশিয়ার করেছে।

তবে এতসব হুঁশিয়ারির পরও সিরিয়ার মিত্র ইরান বলেছে, ইদলিবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে। কিন্তু সে লড়াইয়ে বেসামরিক নাগরিকরা দুর্ভোগে পড়া ঠিক হবে না বলেও মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

তেহরানে রাশিয়া এবং তুরস্কের নেতাদের সঙ্গে বৈঠকে রুহানি একথা বলেন।

ইদলিবের বিদ্রোহী অবস্থানগুলোতে শুক্রবার সকালেও নতুন করে বিমান হামলা হওয়ার খবর এসেছে। তার ওপর সিরিয়ার সরকারি বাহিনী সেখানে রাসায়নিক অস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে- এমন প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছেন সিরিয়া বিষয়ক নতুন মার্কিন দূত জিম জেফ্রে।

সিরিয়ার ইদলিব প্রদেশটিই এখন বিদ্রোহী এবং জিহাদি গোষ্ঠীগুলোর শেষ ঘাঁটি হওয়ার কারণে অনেক ঝুঁকি নিয়েও সেখানে যুদ্ধ থেকে পিছু হটতে রাজি নয় সিরিয়া এবং রাশিয়া।

কিন্তু জাতিসংঘের হিসাবমতে, ইদলিবের জনসংখ্যা ২৯ লাখ। এর মধ্যে ১০ লাখই শিশু। তাই সেখানে বেপরোয়া হামলায় প্রাণহানি নিয়ে উদ্বেগ আছে।

বৈঠকে কি বলছে তিন দেশ?

ইরানের প্রেসিডেন্ট রুহানি বলছেন, সিরিয়ায় স্থিতিশীলতা এবং শান্তি ফেরানোর মিশনের অংশ হিসাবে ইদলিবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা অবশ্যম্ভাবী। তবে তা করতে গিয়ে বেসামরিক নাগরিকদের যেন ক্ষতি না হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, “বৈধ সিরিয়া সরকারের অভিযান চালানোর অধিকার আছে এবং শেষ পর্যন্ত জাতীয় ভূখন্ডের পুরোটাই তাকে নিয়ন্ত্রণে আনতে হবে।”

ওদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান এ বৈঠককেই ইদলিব প্রদেশে রক্তবন্যা এড়ানোর শেষ সুযোগ বলে বর্ণনা করেন।

আলোচনায় তিন দেশ জড়িত কেন?

সিরিয়া যুদ্ধে কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে ইরান, রাশিয়া এবং তুরস্ক।

বিদ্রোহী গ্রুপগুলোকে দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে আসা তুরস্কের আশঙ্কা, ইদলিবে সর্বাত্মক অভিযান তাদের সীমান্তে নতুন করে বড় ধরনের আরেক শরণার্থী সংকট সৃষ্টি করবে।

ওদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিয়ে আসা রাশিয়া ও ইরান মনে করে, ইদলিব থেকে জিহাদি গোষ্ঠীগুলোকে নির্মূল করতেই হবে।