মার্কিন কর্মকর্তার বেনামা নিবন্ধে ট্রাম্পের বিরুদ্ধে ‘প্রতিরোধ’
অভূতপূর্ব এক পদক্ষেপে নিউ ইয়র্ক টাইমস নাম প্রকাশ না করে মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার লেখা একটি নিবন্ধ প্রকাশ করেছে তাদের উপ সম্পাদকীয় পাতায়, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘অস্থিরমতি’ ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে; বলা হয়েছে, তাকে হোয়াইট হাউজ থেকে সরাতে কেবিনেট সদস্যদের মধ্যেই একটি ‘নীরব প্রতিরোধ’ চলছে।
নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ট্রাম্প প্রশাসনের পাশাপাশি পুরো যুক্তরাষ্ট্রের গণমাধ্যমেই ওই বেনামা লেখকের নিবন্ধ তোলপাড় সৃষ্টি করেছে।
ওই নিবন্ধে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘অনৈতিক’ ও ‘আবেগতাড়িত’ আচরণের কারণে অপরিণামদর্শী নানা সিদ্ধান্ত নিতে হচ্ছে মার্কিন প্রশাসনকে।
বিবিসি লিখেছে, প্রেসিডেন্ট ট্রাম্প নাম প্রকাশ না করা ওই কর্মকর্তাকে বর্ণনা করেছেন একজন ‘ভীরু’ লোক হিসেবে; আর নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন ‘ভুয়া’।
ট্রাম্পের প্রেস সেক্রেটারি বলেছেন, রহস্যময় ওই লেখক একজন কাপুরুষ, তার পদত্যাগ করা উচিত।
তবে নিজেদের অবস্থানে অটল থাকার কথা জানিয়ে নিউ ইয়র্ক টাইমস এক বিবৃতিতে বলেছে, “লেখাটি প্রকাশ করতে পেরে আমরা গর্বিত। ট্রাম্প প্রশাসনের ভেতরে আসলে কী চলছে তা বুঝতে সাধারণ পাঠকের জন্য এই লেখা সহায়ক হবে।”
এই নিবন্ধ প্রকাশিত হওয়ার হওয়ার ঠিক আগের দিন ওয়াশিংটন পোস্টের বিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ডের প্রকাশিতব্য একটি বইয়ের অংশবিশেষ সংবাদমাধ্যমে আসে।
সেখানে বলা হয়, হোয়াইট হাউজের কিছু কর্মকর্তা একটি ‘প্রশাসনিক অভ্যুত্থানচেষ্টায়’ জড়িত, যারা প্রেসিডেন্টের কাছ থেকে দেশকে রক্ষা করতে চাইছেন। ট্রাম্প সই করার আগেই তার টেবিল থেকে তারা জরুরি নথিপত্র সরিয়ে ফেলছেন।
বব উডওয়ার্ডের বইয়ের সেই ‘প্রশাসনিক অভ্যুত্থানচেষ্টার’ খবর যে সঠিক, তার সমর্থন পাওয়া গেল নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত নিবন্ধে।
সেই লেখক বলেছেন, তিনি লিবারেলদের কেউ নন। যে লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, তার সঙ্গেও তিনি একমত। কিন্তু বাস্তবতা হল, সেসব লক্ষ্য অর্জনে প্রেসিডেন্টের কোনো কৃতিত্ব নেই, বরং তিনি থাকার পরও সেসব লক্ষ্য অর্জন একটি সাফল্য।
ট্রাম্পকে নিয়ে জ্যেষ্ঠ ওই কর্মকর্তার বক্তব্য
প্রেসিডেন্টের বিরুদ্ধে সমালোচনার তালিকা যে বিশাল তা তার ডান-বামের বিরোধীদের সবারই জানা আছে। হযবরল সভা, অসহিষ্ণু ও নীচ আচরণ, সিদ্ধান্তে অটল থাকার অক্ষমতা, মুক্ত গণমাধ্যমের প্রতি বিদ্বেষ ও অগণতান্ত্রিক প্রবৃত্তি।
বিবিসি বলছে, ওই কর্মকর্তা দুই ধরনের প্রেসিডেন্সির কথা বর্ণনা করেছেন, যেখানে কিম জং-উন ও ভ্লাদিমির পুতিনসহ ‘একনায়ক ও স্বৈরশাসকদের’ প্রতি প্রশংসাসূচক মনোভাবের মতো প্রেসিডেন্টের কর্মকাণ্ডগুলো ‘ঘরের বড়দের’ বাধার মুখে ফিরিয়ে নেওয়া হয়েছে।
“ওই লেখকের ভাষ্য, এটা তথাকথিত ডিপ স্টেটের কাজ না। ২৫তম সংশোধনী আহ্বান করার কথা এটা একটা স্থীতিশীল রাষ্ট্রের কাজ।’
অধিকন্তু প্রশাসনের কয়েকজনের কানাঘুষার তথ্য জানিয়ে লেখক বলেছেন, তারা ২৫তম সংশোধনীর শরণাপন্ন হওয়ার কথা বলছিলেন।
২৫তম সংশোধনী একটি সাংবিধানিক বিধান, যার মাধ্যমে ‘নিজ কার্যালয়ের উপর ন্যস্ত ক্ষমতা ও কর্তব্য নির্বাহে অসামর্থ্যের’ দায়ে প্রেসিডেন্টকে অপসারণের জন্য ভাইস-প্রেসিডেন্ট এবং সংখ্যাগরিষ্ঠ মন্ত্রিপরিষদ সচিবদের হাতে ভোট অনুষ্ঠানের ক্ষমতা দেওয়া হয়।
হোয়াইট হাউজের প্রতিক্রিয়া কি?
‘ফিয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউজ’ নামে উডওয়ার্ডের বইতে উল্লিখিত গোপন সূত্রগুলোর পরিচয় খুঁজে বের করতে হোয়াইট হাউজের ভেতর থেকে কড়া পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। টাইমসের নিবন্ধ যে ওই আগুনে ঘি ঢালবে তাতে কোনো সন্দেহ নেই।
প্রেসিডেন্ট বলেছেন, বেনামা ওই প্রবন্ধ ‘বাস্তবে একটি কলঙ্ক’ এবং হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ হুকাবি স্যান্ডার্স কড়া আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাঠিয়েছেন।
তিনি লিখেছেন, “এই নিবন্ধের পেছনের ব্যক্তি যথাযথভাবে নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সহায়তা না করে প্রতারণার আশ্রয় নিয়েছেন। দেশকে প্রথমে স্থান না দিয়ে আমেরিকান জনগণের ইচ্ছার সামনে নিজেকে ও নিজের অহংকে জায়গা দিয়েছেন।”
স্যান্ডার্স ও ট্রাম্প দুজনেই ওই নিবন্ধ ছাপার জন্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন। প্রেসিডেন্ট বলেছেন, তিনি যখন দায়িত্ব ছেড়ে দেবেন তখন এইসব ‘ভুয়া গণমাধ্যমের কোনো কাজ থাকবে না’। কারণ তাদের লেখার কোনো কিছু থাকবে না।
অনুমানের খেলা- কে এই বেনামা সূত্র?
প্রশাসনের বাইরে এই নিবন্ধ ওয়াশিংটনের অন্যতম পছন্দের খেলা শুরু করবে- অপরিচিত এক লেখকের পরিচয় অনুমান করা। ১৯৯২ সালের বিল ক্লিনটনের নির্বাচনী প্রচারণা নিয়ে হালকা ছদ্ম কল্পকাহিনি হিসেবে বেনামে লেখা উপন্যাস ‘প্রাইমাল কালারস’ প্রকাশের পর এপর্যন্ত এমন আর কোনো রহস্যময় ঘটনা নেই।
আন্তর্জাতিক বিষয়ের আচরণবিধিতে এই নিবন্ধ ততটুকু গুরুত্ব দিলে সম্ভবত পররাষ্ট্র দপ্তর, জাতীয় নিরাপত্তা পরিষদ ও প্রতিরক্ষা দপ্তরে প্রেসিডেন্টের বৈদেশিক নীতি নির্ধারণী দলের উপর মনোযোগ সবচেয়ে বেশি পড়বে।
নিশ্চিতভাবেই ওই ব্যক্তির নাম প্রকাশের আহ্বানও জানানো হবে প্রশাসনের পক্ষ থেকে।
ভার্জিনিয়ার কংগ্রেসম্যান ডন বেয়ার টুইটে লিখেছেন, “আমাদের কালের সঙ্কট হলো- ক্ষমতার বিভিন্ন স্তরে থাকা লোকেরা ‘একনায়ক ও স্বৈরশাসক রূপকে’ এবং ‘গণতন্ত্রবিরোধী প্রবৃত্তিকে’ প্রাধান্য দেন এমন একজন প্রেসিডেন্টকে দেখছেন, কিন্তু তার বিরুদ্ধে প্রকাশ্যে দাঁড়াচ্ছেন না এবং ফলশ্রুতিতে সেটাই চলতে দিচ্ছেন।”
একটি বেনামা স্বীকারোক্তি শুধুই ট্রাম্পের সমালোচকদের ভয়কে নিশ্চিত করবে, যেটা শুধুই একটা সাহসিকতার উদারহরণ সৃষ্টি করবে। তবে উডওয়ার্ডের বইয়ের পর এতো তাড়াতাড়ি নিউ ইয়র্ক টাইমসের এই নিবন্ধ পর পর জোরালো মুষ্ঠাঘাতের শামিল, যা এড়ানো কঠিন।
