২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরানের সঙ্গে দেখা করতে পাকিস্তানে পম্পেও

নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পাকিস্তানে পৌঁছেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2018, 08:30 PM

Updated : 08 Apr 2022, 06:58 PM

ইসলামাবাদে একদিনের সফর শেষে বৃহস্পতিবার তিনি ভারত যাবেন বলে জানায় বিবিসি।

এক সময়ের মিত্র দুই দেশের সম্পর্কে যে অবনতি হয়েছে তা মেরামত করতেই পম্পেওর এ সফর বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ, দেশটি জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বিশেষ করে আফগান তালেবান জঙ্গিদের জন্য।

যদিও পাকিস্তান সরকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

জঙ্গি দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বেশ কয়েকবার হুঁশিয়ার করার পরও পাকিস্তান সরকার তা পালনে ব্যর্থ হয়েছে।

শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ বছর পাকিস্তানের জন্য বরাদ্দ একশ’ কোটি মার্কিন ডলারের বেশি নিরাপত্তা সহায়তা বাতিল করেছে।

পাকিস্তানের কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা সহায়তার অর্থ প্রত্যাহার করে নেওয়ার অর্থ জঙ্গিবাদের বিরুদ্ধে তারা এরই মধ্যে যেসব ব্যবস্থা গ্রহণ করেছে ‘সেগুলোর মারাত্মক ক্ষতিসাধন’।

পাকিস্তানে রওনা হওয়ার আগে বিমানবন্দরে পম্পেও বলেন, যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক এখন ‘নানাবিধ চ্যালেঞ্জের মুখে'।

“তবে আশা করছি দেশটির নতুন সরকারের সঙ্গে একজোট হয়ে কাজ করার কিছু বিষয় আমরা খুঁজে পাব এবং দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধার হবে।”

পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়ার সঙ্গেও পম্পেওর বৈঠক করার কথা রয়েছে।