সিউলে পাবলিক টয়লেটে গোপন ক্যামেরা
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পাবলিক টয়লেট ও পোশাক পরিবর্তনের কক্ষে গোপন ক্যামেরা পেতে রাখা গুরুতর সমস্যায় পরিণত হয়েছে।
গোপন ক্যামেরায় তোলা ওই সব ছবি ও ভিডিওর বেশিরভাগই পরে বিভিন্ন পর্ন সাইটে আপলোড করা হয়। ৮০ শতাংশের বেশি ক্ষেত্রে এর শিকার হন নারীরা।
এ বছর এই ধরনের ‘স্পাই ক্যাম পর্ন’ এর ছয় হাজারের বেশি অভিযোগ জমা পড়ার পর সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার।
সরকার সিউলের সব পাবলিক টয়লেটে প্রতিদিন গোপন ক্যামেরা আছে কিনা তা পরীক্ষা করার ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে।
এর আগে সিউলে মাসে একবার পাবলিক টয়লেটগুলোতে গোপন ক্যামেরা আছে কিনা তা পরীক্ষা করা হত।
‘আমার জীবন তোমার পর্ন নয়’ লেখা প্ল্যাকার্ড নিয়ে এ বছর শুরুর দিকে দেশটির হাজার হাজার নারী গোপন ক্যামেরা রাখার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেন।
দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এর আগে বিবিসিকে বলেছিল, পাবলিক টয়লেট ও পোশাক পরিবর্তন কক্ষে গোপন ক্যামেরা যারা লাগায় তাদের পাকড়াও করা বেশ কঠিন। কারণ মাত্র ১৫ মিনিটের মধ্যে তারা ক্যামেরা লাগিয়ে আবার সেটা খুলে নিয়ে যায়।
পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, গত বছর এই অভিযোগে প্রায় সাড়ে পাঁচ হাজার জনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তাদের মধ্যে মাত্র দুই শতাংশের সাজা হয়েছে।
