ইউক্রেইনে বিস্ফোরণে রুশপন্থি বিদ্রোহীদের শীর্ষ নেতা নিহত
ইউক্রেইনের পূ্র্বাঞ্চলে রুশপন্থি বিদ্রোহীদের দখলে থাকা দোনেৎস্কের একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় বিচ্ছিন্নতাবাদী নেতা আলেক্সান্দার জাখারশেঙ্কো নিহত হয়েছেন।
মস্কো এ ঘটনার জন্য ইউক্রেইনকে দায় দিলেও কিয়েভ শীর্ষ এ বিদ্রোহী নেতার ওপর হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
সেপার ক্যাফের ওই বিস্ফোরণে বিদ্রোহীদের আরেক শীর্ষ নেতা আলেক্সান্দার তিমোফেয়েভও গুরুতর আহত হয়েছেন বলে রুশ সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
ঘটনার পরপরই সন্দেহভাজন কয়েক ইউক্রেনীয় নাগরিককে আটক করার খবর দিয়েছে নিরাপত্তা সূত্রগুলো।
“সন্ত্রাসীদের হামলায় দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান নিহত হয়েছেন,” জাখারশেঙ্কোর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে এমনটাই জানান তার মুখপাত্র।
২০১৪ সালে কিয়েভের শাসনব্যবস্থাকে অস্বীকার করে রুশপন্থি সশস্ত্র বিদ্রোহীরা ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দুটি এলাকা দোনেৎস্ক ও লুহানস্কের বিশাল এলাকার নিয়ন্ত্রণ নেয় এবং এগুলোকে স্বাধীন ঘোষণা করে। এলাকাগুলোর দখল নিয়ে ইউক্রেইনের সরকারি বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে ধারাবাহিক লড়াইয়ে নিহতের সংখ্যাও কয়েক হাজার ছাড়িয়ে গেছে।
জাখারশেঙ্কো ২০১৪ সাল থেকেই ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিকের’ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। ক্যাফেতে বিস্ফোরণে আহত তিমোফেয়েভ পালন করছিলেন স্বঘোষিত রাষ্ট্রটির অর্থমন্ত্রীর দায়িত্ব।
শুক্রবার দোনেৎস্কের ক্যাফেতে হামলার ঘটনায় কিয়েভকে দায় দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
“এ হত্যাকাণ্ডের পেছনে যে কিয়েভের সরকার আছে তা বিশ্বাসের সব কারণই বলবৎ। কিয়েভের যুদ্ধ দল শান্তি বিষয়ে তাদের প্রতিশ্রুতি লংঘন করেছে ও রক্তপাতের পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে,” বলেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
ইউক্রেইনের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র ইয়েলেনা গিতলিয়ানস্কায়া মস্কোর এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘সন্ত্রাসী ও রুশ সমর্থনপুষ্টদের অভ্যন্তরীণ দ্বন্দ্বেই’ প্রাণ গেছে শীর্ষ বিদ্রোহী নেতার।
জাখারশেঙ্কোর সঙ্গে সাম্প্রতিক সময়ে মস্কোর সম্পর্কে ফাটল ধরেছিল বলে দাবি করেছেন পশ্চিমা পর্যবেক্ষকরাও। সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে এর আগেও অন্তত দুইবার আহত হয়েছিলেন এ বিদ্রোহী নেতা, ২০১৪-র অগাস্টে গাড়ি বোমা হামলায়ও বেঁচে ফিরেছিলেন তিনি।
