হারিকেন মারিয়ায় নিহত ২,৯৭৫: পুয়ের্তো রিকো
গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের দ্বীপ পুয়ের্তো রিকোয় আঘাত হানা ধ্বংসাত্মক হারিকেন মারিয়ার তাণ্ডবের জেরে ২,৯৭৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
পরিবর্তিত এই নিহতের সংখ্যা আগে ঘোষিত নিহতের সংখ্যার প্রায় ৫০ গুণ বলে জানিযেছে বিবিসি।
দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীন তদন্তের পর যে তথ্য পাওয়া গেছে তা ‘গৃহীত’ হয়েছে বলে জানিয়েছেন পুয়ের্তো রিকোর গভর্নর রিকোর্ডো রোসেলো।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “সরকারিভাবে নিহতের সংখ্যা ২,৯৭৫ জনে উন্নিত করতে আদেশ দিচ্ছি আমি। এটি একটি হিসাব হলেও এর বৈজ্ঞানিক ভিত্তি আছে।”
এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ‘নিহতের বিষয়ে পূর্ণ জবাবদিহিতা ও স্বচ্ছতার’ যে উদ্যোগ গভর্নর নিয়েছেন কেন্দ্রীয় সরকার তা সমর্থন করছে।
প্রায় ৯০ বছরের মধ্যে ওই এলাকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মারিয়ায় মোট কতোজন নিহত হয়েছে সে বিষয়ে সঠিক তথ্য না দেওয়ায় প্রায় এক বছর ধরে কর্তৃপক্ষকে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছিল।
মঙ্গলবারের ঘোষণার আগ পর্যন্ত সরকারি হিসাবে নিহতের সংখ্যা ছিল মাত্র ৬৪ জন; যদিও দ্বীপটির প্রায় সবারই জানা ছিল যে নিহতের সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি হবে।
হারিকেন আঘাত হানার কিছুদিন পর কিছু বিশেষজ্ঞের হিসাবে নিহতের সংখ্যা ৪,৬০০ জনের মতো হবে বলে বলা হয়েছিল।
সরকারি হিসাবে হারিকেনের তাৎক্ষণিক আঘাতে মৃতদের সংখ্যাই শুধু বলা হয়েছিল। কিন্তু হারিকেনের পর দুর্বল স্বাস্থ্যব্যবস্থা, বিদ্যুৎহীনতা ও বিশুদ্ধ পানির অভাবেও অনেকের মৃত্যু হয়েছিল। বার বার বিদ্যুৎ চলে যাওয়ার কারণে জটিল রোগে আক্রান্ত অনেক লোকেরও মৃত্যু হয়।
হারিকেন পরবর্তী সপ্তাহগুলোতে বিধ্বস্ত দ্বীপটির বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার যেভাবে সাড়া দিয়েছিল তার প্রশংসা করে সমালোচিত হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। হারিকেনটি আঘাত হানার পর ট্রাম্প টেক্সাস ও ফ্লোরিডার বাসিন্দাদের জন্যই বেশি উদ্বেগ দেখিয়েছেন বলে অভিযোগ করেছেন সমালোচকরা।
মারিয়ায় পুয়ের্তো রিকোর অবকাঠামো ও বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেগুলো পুনর্নিমাণ করতে দ্বীপটিকে সংগ্রাম করতে হচ্ছে। এসব ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে ১৩৯ বিলিয়ন ডলার চেয়েছে দ্বীপটির কর্তৃপক্ষ।
