কেনিয়ায় উপ-প্রধান বিচারপতি গ্রেপ্তার
কেনিয়ার উপ প্রধান বিচারপতি ফিলোমেনা মইলুকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতিতে জড়িত থাকা, আয়কর পরিশোধ না করা এবং স্থানীয় ব্যাংকের সঙ্গে লেনদেনও সঠিকভাবে না করার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়।
কেনিয়ার পুলিশ ও শীর্ষ সরকারি কৌঁসুলি এ খবর জানিয়েছেন।
দেশটির অপরাধ তদন্ত বিভাগের পরিচালক জর্জ কিনোতি বার্তা সংস্থা রয়টার্সকে টেক্স ম্যাসেজে খবরটি নিশ্চিত করেন।
মঙ্গলবার মইলুকে জিজ্ঞাসাবাদের জন্য অপরাধ তদন্ত বিভাগে নেওয়া হয়েছে।
এদিন এক সংবাদ সম্মেলনে প্রধান কৌঁসুলি নূরদ্বীন মোহাম্মদ হাজি বলেন, মইলু ব্যক্তিগত স্বার্থে তার ক্ষমতার অপব্যবহার করেছেন। বিচারবিভাগের প্রতি জনগণের আস্থার অবমূল্যায়ন করেছেন তিনি।
দেশকে দুর্নীতিমুক্ত করতে কেনিয়া সরকার নূরদ্বীন মোহাম্মদ হাজির নেতৃত্বে এ বছর ঘুষের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
অভিযানে এখন পর্যন্ত বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীকে দুর্নীতির অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে।
তবে উপ প্রধান বিচারপতিই এখন পর্যন্ত দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার দেশটির সবচেয়ে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা।
নূরদ্বীন বলেন, “নারী বিচারপতি মইলু বিপুল অর্থ ঘুষ নিয়েছেন। যার মাধ্যমে তিনি বিচারবিভাগের প্রতি মানুষের বিশ্বাসের মর্যাদাহানি করেছেন।” তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণও আছে বলে জানান তিনি।
