২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামের কাজিরাঙ্গায় ‘আত্মরক্ষার্থে’ গণ্ডার হত্যা

আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে একটি পূর্ণবয়স্ক পুরুষ গণ্ডারকে গুলি করে হত্যা করেছে বনরক্ষীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2018, 03:05 PM

Updated : 08 Apr 2022, 06:55 PM

‘আত্মরক্ষা’ করতে গিয়ে রোববার সন্ধ্যারাতে এ ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন বনরক্ষীরা, বনবিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানিয়েছে এনডিটিভি।  

ওই দিন কাজিরাঙ্গার অগ্রাতোলি রেঞ্জে বনরক্ষীদের আট জনের একটি দল টহলে বেড়িয়েছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে গণ্ডারটি তাদের ওপর হামলা চালায় বলে জানিয়েছেন কাজিরাঙ্গার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রোহিনী বল্লভ সাইকিয়া।  

স্থূল চামড়ার এই প্রাণীটিকে তাড়াতে প্রথমে ফাঁকা গুলি ছুড়েছিল বনরক্ষীরা, কিন্তু গণ্ডারটি সরে যাওয়ার কোনো লক্ষণ না দেখানোয় ‘তারা আত্মরক্ষার্থে এটিকে গুলি করতে বাধ্য হন’ এবং এতে প্রাণিটি ঘটনাস্থলেই মারা যায় বলে জানিয়েছেন সাইকিয়া।

বনরক্ষীদের দ্বারা গণ্ডার হত্যার এ ঘটনাকে একটি ‘বিরল ঘটনা’ বলে অভিহিত করেছেন তিনি।

ঘটনার পর ঊর্ধ্বতন উদ্যান ও বন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি।