২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের মামলার শুনানি অনুষ্ঠিত

আন্তর্জাতিক বিচার আদালতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের করা মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2018, 11:32 PM

Updated : 08 Apr 2022, 06:55 PM

সোমবার ইরানের আইনজীবীরা আদালতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে আদেশ দেওয়ার আবেদন করেন। তবে ওয়াশিংটন এ মামলাকে মূল্যহীন বলে উড়িয়ে ‍দিয়েছে।

নেদারল্যান্ডসে হেগের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে জুলাইয়ে ইরান এ মামলা করে। ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা দায়ের করে দেশটি।

সোমবার থেকে এ মামলার এক সপ্তাহের শুনানি শুরু হয়েছে। এর আগে আদালতের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে এ মামলার রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

কায়েক দশক ধরে চরম শত্রু দুই দেশ ইরান ও যুক্তরাষ্ট্র অতীতে কয়েকবার আন্তর্জাতিক আদালতের নির্দেশ অমান্য করেছে।

তেহরান তাদের আবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এরই মধ্যে দুর্বল হয়ে পড়া ইরানের অর্থনীতির আরো ক্ষতি করছে। যা দুই দেশের মৈত্রী চুক্তির লঙ্ঘন। ১৯৫৫ সালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ চুক্তি হয়।

ইরানের আইনজীবী মাহসেন মাহেবি বলেন, “যুক্তরাষ্ট্র কোনো ধরনের রাখঢাক ছাড়াই ইরানের অর্থনীতির সম্ভাব্য সব ধরনের ক্ষতি করার নীতি গ্রহণ করেছে। তারা ইরানের কোম্পানি, সর্বপোরি ইরানের জনগণের সর্বোচ্চ ক্ষতি করতে চায়।”

ইরান সব সময়ই দুইদেশের মধ্যে চলমান সব সমস্যার কূটনৈতিক সমাধান চেয়ে এসেছে বলেও আদালতে জানান তিনি।

ওদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের এ মামলাকে ‘কারো বিরুদ্ধে আইনগতভাবে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা গ্রহণের স্বাধীন অধিকারে হস্তক্ষেপের উদ্যোগ’ বলেছেন।

তিনি বলেন, “আমাদের জাতীয় নিরাপত্তা সুরক্ষার স্বার্থেই ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা প্রয়োজন ছিল।

“আমরা এ সপ্তাহে হেগে ইরানের মূল্যহীন মামলার  জোরাল বিরধিতা করব।”

এক মাসের মধ্যে এই মামলার রায় দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। যদিও এখনও নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া হয়নি।

আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করতে আন্তর্জাতিক বিচার আদালত জাতিসংঘের অধীনে একটি ট্রাইবুনাল।

এ আদালতের রায় মানা উভয় পক্ষের জন্য বাধ্যতামূলক হলেও রায় কার্যকরে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা আদালতটির হাতে নেই।

নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে ২০১৫ সালে বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছিল ইরান। ওই চুক্তি অনুযায়ী, ইরান অন্তত ১০ বছরের জন্য নিজেদের পরমাণু প্রকল্পের কাজ হ্রাসের বিনিময়ে দেশটির উপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে উভয় পক্ষ চুক্তি অনুযায়ী কাজ করছিল।

কিন্তু ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার হুমকি দিচ্ছিলেন।

গত বছর ওই হুমকি বাস্তবরূপ লাভ করে এবং ‘যুক্তরাষ্ট্রের জন্য অন্যায্য চুক্তি’ ঘোষণা করে তিনি যুক্তরাষ্ট্রকে ইরান পরমাণু চুক্তি থেকে সরিয়ে আনেন এবং দেশটির উপর নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

যে কারণে বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী দেশ ইরানের তেল বিক্রি প্রায় বন্ধ হওয়ার যোগাড়।

যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় বলে জানান দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

ওদিকে, নিজেদের তেল বিক্রি বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় প্রতিশোধ মূলক ব্যবস্থা হিসেবে তেল উৎপাদনকারী অন্যান্য দেশের তেল রপ্তানি বন্ধে তেহরান আরব উপসাগরে সামরিক ব্যবস্থা গ্রহণের ইঙ্গিতও দিয়েছে। তারা হরমুজ প্রণালী দিয়ে অন্যান্য দেশের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিতে চায়।