২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্বের সংকট, অস্ট্রেলিয়ায় পার্লামেন্টের অধিবেশন মুলতবি

ক্ষমতাসীন জোটের শীর্ষ শরিক দলের ভেতরে চলা নেতৃত্বের সংকট সমাধানে পার্লামেন্টের চলমান অধিবেশন মুলতবি করেছে অস্ট্রেলিয়ার সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2018, 01:50 PM

Updated : 11 Oct 2022, 12:34 PM

লিবারেল পার্টির (এএলপি) ভেতরকার এ সংকট প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে চাপে ফেললেও তিনি শক্তভাবে পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছেন বলে খবর বিবিসির।

জ্যেষ্ঠ সহকর্মীরা দলের শীর্ষ পদে পরিবর্তন আনতে চাইলেও নিজের অবস্থান পুনরুদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন টার্নবুল। সাম্প্রতিক উপ-নির্বাচনগুলোতে খারাপ ফল ও দলের ভেতরকার রক্ষণশীল অংশের বিদ্রোহ তার ওপর চাপ আরও বাড়িয়ে তুলছে।

নেতৃত্ব নিয়ে এএলপিতে শুক্রবার আরেক দফা ভোট হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

লিবারেলদের এ নেতৃত্বের সংকটের কারণে দেশে ‘কোনো কার্যকর সরকার নেই’ বলে মন্তব্য করেছেন বিরোধী লেবার পার্টির নেতা বিল শর্টেন।

“সরকার পার্লামেন্ট মুলতবি করতে পারে, কিন্তু তারা তাদের ব্যর্থতার ওজন ছাড়িয়ে যেতে পারবে না,” বলেছেন তিনি।

সংকট সমাধানে পার্লামেন্টের অধিবেশন ১০ সেপ্টেম্বর পর্যন্ত মুলতুবির প্রস্তাব হাউস অব রিপ্রেজেন্টেটিভে ৭০-৬৮ ভোটে পাস হওয়ার সময় বিরোধীদের বেঞ্চ থেকে বিদ্রুপের শোরও ওঠে।

ক্যানবেরায় বেশ কয়েকদিনের চাপান-উতোরের পর অনেকটা অপ্রত্যাশিতভাবেই পার্লামেন্টের অধিবেশন মুলতবি হল বলে জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে যাওয়া পিটার ডাটন এএলপির বর্তমান নেতৃত্বকে চ্যালেঞ্চ জানালে ক্ষমতাসীন জোটের সবচেয়ে বড় এ শরিক দলের দ্বন্দ্ব দৃশ্যমান হয়ে ওঠে।

টার্নবুলকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে চেষ্টা করেও প্রথম দফায় সফল হতে পারেননি ডাটন; মঙ্গলবার ১৩ ভোটের সামান্য ব্যবধানে হেরে যাওয়ার পরপরই মন্ত্রিসভা থেকে পদত্যাগও করেন তিনি।

গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সহকর্মীদের সমর্থন হারিয়ে ফেলা টার্নবুলকে বৃহস্পতিবার ফের নেতৃত্বের পরীক্ষায় অবতীর্ণ হতে আহ্বান জানান ডাটন।

এএলপির সংখ্যাগরিষ্ঠ সাংসদের স্বাক্ষর সম্বলিত চিঠি পেলে শুক্রবার ফের দলের সভা ডাকা হবে বলে জানিয়েছেন টার্নবুল।

ডাটন সেখানে এএলপির বর্তমান নেতৃত্বের প্রতি অনাস্থার বিষয়টি পাস করাতে পারলেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করে আসা এ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী। 

এএলপিকে সেক্ষেত্রে নতুন নেতা নির্বাচনের পথে হাঁটতে হবে। টার্নবুল সরে গেলেও ডাটন সহজেই এএলপির শীর্ষ পদে অধিষ্ঠিত হতে পারবেন না, তাকে বর্তমান অর্থমন্ত্রী স্কট মরিসনের মোকাবেলা করতে হতে পারে বলেও অনুমান স্থানীয় গণমাধ্যমের।