২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুসারীদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান আইএসের বাগদাদির

প্রায় এক বছরের মধ্যে প্রথমবারের মতো তাদের নেতা আবু বকর আল বাগদাদির বলে দাবি করা নতুন একটি অডিও বার্তা প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2018, 01:18 PM

Updated : 08 Apr 2022, 06:54 PM

কথিত বার্তায় সাম্প্রতিক পরাজয়গুলো সত্ত্বেও অনুসারীদের প্রতি লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাগদাদি, খবর বিবিসি, বার্তা সংস্থা রয়টার্সের।

ওই ৫৫ মিনিটের বিবৃতিতে বাগদাদি কানাডা ও ইউরোপে হওয়া সাম্প্রতিক হামলাগুলোর পেছনের ‘হামলাকারী সিংহদের’ অভিনন্দন ও হামলা চালাতে বোমা, ছুরি ও গাড়ি ব্যবহার করতে নিজের অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বার্তায় চলতি সপ্তাহে পালিত হওয়া মুসলিমদের ঈদুল আজাহার শুভেচ্ছাও জানিয়েছেন বাগদাদি; এতে বার্তাটি সম্প্রতি রেকর্ড করা হয়েছে বলে ধারণা পাওয়া গেছে। পাশাপাশি এতে তুরস্কের হাতে মার্কিন যাজক আটকের মতো সাম্প্রতিক বেশ কিছু ঘটনার উল্লেখ থাকায় ধারণাটি আরও জোরালো হয়েছে।

“মুজাহেদীনদের (পবিত্র যোদ্ধা) জন্য জয় অথবা পরাজয়ের মাত্রা ছোট-বড় শহর চুরি হয়ে যাওয়া কিংবা যাদের আকাশে আধিপত্য, আন্তঃমহাদেশী ক্ষেপণাস্ত্র বা স্মার্ট বোমা আছে তাদের ওপর নির্ভর করে না,” তার আল ফুরকান মিডিয়া গ্রুপের প্রকাশিত আরবি ভাষায় রেকর্ড করা বার্তায় বলেছেন বাগদাদি।

“ওহ খিলাফতের সৈন্যরা, আল্লাহর প্রতিশ্রুতি ও তার জয়ে বিশ্বাস কর, কষ্টই মুক্তির পথ,” সিরিয়ার বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা নিজের সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন তিনি।

ওই অডিও বার্তার কণ্ঠস্বরটি বাগদাদিরই কি না, তা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

আইএসের এ শীর্ষ নেতা আহত হয়েছেন ও মারা গেছেন বলে প্রকাশিত বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হলেও তা নিশ্চিত হওয়া যায়নি। এ জঙ্গিনেতার মাথার জন্য আড়াই কোটি ডলারের পুরস্কার ঘোষণা করে রেখেছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস একসময় সিরিয়া ও ইরাকের যে বিশাল অংশের নিয়ন্ত্রণ নিয়েছিল, তার বেশিরভাগই তাদের হাতছাড়া হয়ে গেছে। গত বছর রাক্কা ও মসুলের মতো শক্তিশালী ঘাঁটিগুলো থেকেও তাদের বিতাড়ন করা হয়।

২০১৪ সালে মসুল থেকেই বাগদাদি সিরিয়া ও ইরাকের দখল করা অংশগুলো নিয়ে ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন।

আইএসের গণমাধ্যমে চলতি বছরের শুরুর দিকে সিরিয়ার হোমস প্রদেশে এক ‘কমান্ডো অভিযানে’ বাগদাদির ছেলের নিহত হওয়ার খবর দেওয়া হয়েছিল।

সিরিয়া ও ইরাকের বেশিরভাগ অংশ থেকে পাততাড়ি গুটাতে বাধ্য হলেও এখনও আইএসের ২০ থেকে ৩০ হাজার যোদ্ধা সক্রিয় আছে বলে চলতি মাসে জাতিসংঘের এক প্রতিবেদনেও সতর্ক করা হয়েছে।