দিল্লির দূরদর্শন ভবনে আগুন
ভারতের রাজধানী নয়াদিল্লির মান্ডি হাউসে জাতীয় সম্প্রচারমাধ্যম দূরদর্শনের কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
বুধবার স্থানীয় সময় দুপুর সোয়া ১২ টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানায় এনডিটিভি।
দমকল বাহিনীর পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দূরদর্শন ভবনের একটি এসি প্ল্যান্টে আগুন লাগে। শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত বলে কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
ভবনের উপরের দিকের ঘন কালো ধোঁয়া আশপাশের অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
এর আগে বুধবার সকালে মুম্বাইয়ের পারেলে একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধাসহ অন্তত চারজন নিহত ও ১৬ জন আহত হওয়ারও খবর দিয়েছে এনডিটিভি।
আগুন নিয়ন্ত্রণে এলেও কর্তৃপক্ষ ১৭ তলাবিশিষ্ট ক্রিস্টাল প্যালেস নামের ভবনটিকে বসবাসের জন্য অনিরাপদ ঘোষণা করেছে।
