সিয়াটলের সন্দেহভাজন বিমানচোর ছিলেন ভ্রমণপ্রিয় বেকারি মালিক
যুক্তরাষ্ট্রের সিয়াটল বিমানবন্দর থেকে খালি উড়োজাহাজ চুরি করে উড়াল দেওয়া বিমানকর্মী চাকরির সুবাদে পাওয়া সুযোগে দেশ-বিদেশ ভ্রমণ করতেন।
সন্দেহভাজন বিমানচোর ২৯ বছর বয়সী রিচার্ড রাসেল ওয়াশিংটনের সামনার এলাকায় বসবাস করতেন। বিমানের গ্রাউন্ড সার্ভিস এজেন্ট হিসেবে কাজ শুরুর আগে স্ত্রীকে নিয়ে তিনি একটি বেকারি চালাতেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার বিভিন্ন পোস্ট থেকে জানা গেছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সন্দেহভাজন ‘বিমানচোরের’ নাম কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে না জানালেও রাসেলের পরিবার ও বেশ কয়েকটি গণমাধ্যম তার পরিচয় নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।
বিবো নামে পরিচিত রাসেলের জন্ম ফ্লোরিডার কী ওয়েস্টে। ৭ বছর বয়সে সেখান থেকে আলাস্কার ওয়াসিলাতে চলে আসেন বলে কলেজের কমিউনিকেশন ক্লাসের জন্য বানানো একটি ওয়েবপেইজে নিজেই জানিয়েছেন এ বিমানকর্মী।
আলাস্কা এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান হরাইজন এয়ারলাইন্সে গ্রাউন্ড সার্ভিস এজেন্ট হিসেবে ব্যাগেজ হ্যান্ডলিংয়ের কাজ করতেন রাসেল। তিনি হরাইজনের টো টিমেরও অংশ ছিলেন, যাদের কাছ ছিল টারমাক থেকে বিমান সরিয়ে নেওয়া।
এ চাকরি তাকে ‘অবসরে আলাস্কার উপর দিয়ে উড়ে যাওয়ার সুযোগ দিয়েছে’ বলে নিজের পেইজে লিখেছিলেন রাসেল।
গত বছরের ডিসেম্বরে ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে তিনি বিমানের মধ্যে লাগেজ ঢোকানো ও সেগুলোর বেরিয়ে আসার চিত্র দেখিয়ে গ্রাউন্ড সার্ভিস এজেন্টের জীবন কেমন তা বর্ণনা করছিলেন।
“এর অর্থ হচ্ছে আমি অনেকগুলো ব্যাগ বহন করি, অনেক অনেক ব্যাগ, অনেক বেশি ব্যাগ। এটা আমাকে চমৎকার কিছু কাজ করারও অনুমতি দেয়,” ভিডিওতে এ কথাগুলোর সঙ্গেই নিজের করা বেশকটি ভ্রমণ চিত্রও জুড়ে দেন রাসেল।
আলাস্কার জর্ডস, ফ্রান্সের ল্যাভেন্ডার ক্ষেত, মেক্সিকোর ইউকাতান ভ্রমণ ও আয়ারল্যান্ডের ডাবলিনে রাসেলের হারলিং খেলা দেখার ফুটেজও ছিল।
বিমান উড্ডয়ন শিখছিলেন কি না সে প্রসঙ্গে কিছু না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বেশ কয়েকটি পোস্টে ভ্রমণপ্রিয় এ যুবককে খ্রিস্টান ধর্মের প্রতি বিশ্বাস ও সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলতে দেখা গেছে।
সাউন্ডক্লাউডের এক সাইটে রাসেলকে তার সহকর্মীদের সাক্ষাৎকার নিতেও দেখা গেছে। তাদেরকে করা প্রশ্নের মধ্যে ‘চাকরির সুবাদে পাওয়া সুযোগে কোন ভ্রমণটি তোমার সবচেয়ে প্রিয়?’- এমন জিজ্ঞাসাও ছিল বলে জানিয়েছে রয়টার্স।
শুক্রবার রাতে রাসেল সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ এলাকা থেকে একটি খালি বোমবার্ডিয়ার কিউ ৪০০ বিমান নিয়ে উড়াল দেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। একঘণ্টা ওড়ার পর বিমানটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের কেটরন দ্বীপের পুজেট সাউন্টে বিধ্বস্ত হয়।
রাসেল একাই এ আত্মঘাতী মিশনে নেমেছিলেন বলে ধারণা করছে স্থানীয় পুলিশ। পরিবারের সদস্যরা বলছে, বিবোর এমন হৃদয়বিদারক কাজে তারা স্তম্ভিত।
“যারা বাসায় বসে দেখেছে, তাদের জন্য এটি বিশ্বাস করা কঠিন। বিবো ছিল খুবই উষ্ণ ও সংবেদনশীল মানুষ,” বিবৃতিতে জানিয়েছে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টে রাসেলকে স্ত্রীর সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেও দেখা গেছে। স্ত্রীর সঙ্গে ২০১০ সালের ওরেগনে প্রথম পরিচয় হয়েছিল বলেও জানিয়েছেন এ বিমানকর্মী।
“এক বছর পরই আমরা বিয়ে করি। এর এক মাস পর আমরা একটি বেকারি চালু করি, যা আমরা তিন বছর ধরে সফলতার সঙ্গে চালিয়েছিলাম। নিজেদেরকে আমরা বেকারি বোদ্ধা মনে করতাম, নতুন কোথাও গেলেই আমরা সেখানকার বেকারি চেখে দেখতাম,” নিজের ওয়েব পেইজে এমনটাই লিখেছিলেন রাসেল।
এ দম্পতি পরে ওয়াশিংটনে চলে এলে রাসেল হরাইজনে চাকরি নেন। সিয়াটলকাণ্ডের প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে রাসেলের স্ত্রীর কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
বিবোকে পছন্দ হওয়ার মতো মানুষ ও শান্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন চলতি বছরের মে মাসে অবসরে যাওয়া হরাইজনের অপারেশনাল কার্যক্রমের দেখভালকারী কর্মকর্তা রিক ক্রিস্টেনসন।
এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে শেষ কথোপকথনেও রাসেল ছিলেন স্থির। ব্রডকাস্টিফাই ডটকমে প্রকাশিত ওই কথোপকথনের এক অংশে নিজেকে ‘ভেঙে পড়া মানুষ’ হিসেবে অভিহিত করে যারা তার খেয়াল রাখত তাদের হতাশ করায় দুঃখ প্রকাশ করেছেন রাসেল।
“কিছু স্ক্রু নড়বড়ে হয়ে আছে বলে মনে হচ্ছে, এখনকার আগ পর্যন্ত তা বুঝতেই পারিনি,” রেকর্ডিংয়ে তাকে এমনটাই বলতে শোনা গেছে বলে জানিয়েছে রয়টার্স।
