২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের ইস্পাতে যুক্তরাষ্ট্রের দ্বিগুণ শুল্ক, লিরার দরপতন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ওপর দ্বিগুণ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2018, 02:00 PM

Updated : 08 Apr 2022, 06:51 PM

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ তুর্কি মুদ্রা লিরার দরপতন ত্বরান্বিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

শুক্রবার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে লিরার মূল্য আগের তুলনায় ২০ শতাংশ পড়ে গেছে। 

মুদ্রার এ দরপতনের জন্য বিদেশি শক্তিগুলোর ‘প্রচারণাকে’ দায়ী করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান। শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা।

“এ ধরনের নিষেধাজ্ঞা ও চাপের যে কেবল একটা ফলই হয়, মিত্র হিসেবে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, যুক্তরাষ্ট্রের তা বোঝা উচিত,” বিবৃতিতে বলে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে টুইটারে ট্রাম্প খুবই শক্তিশালী ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা দুর্বল হয়ে পড়ছে বলে মন্তব্য করেছিলেন।  ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে কূটনৈতিক সম্পর্ক ‘ভালো নয়’ বলেও স্বীকারোক্তি দিয়েছিলেন এ মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার পতনের আগেও লিরার দর নিম্নমুখী ছিল। গত বছরই মুদ্রাটি আগের তুলনায় ৪০ শতাংশের বেশি মূল্য হারিয়েছিল। 

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (বিরুদ্ধে) লড়াইয়ের ধরন, রুশ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাপনা কেনার বিষয়ে আঙ্কারার পরিকল্পনা ও ২০১৬ সালে এরদোয়ানবিরোধী অভ্যুত্থানচেষ্টাকারীদের শাস্তি নিয়ে ন্যাটোর দুই প্রভাবশালী সদস্য  যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে মনোমালিন্য চলছে।

সন্ত্রাসী কার্যক্রম ও গোয়েন্দাগিরিতে অভিযুক্ত এক মার্কিন ধর্মযাজকের আটকাদেশে ক্ষুদ্ধ ট্রাম্প সম্প্রতি তুরস্কের বেশ কজন কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছেন।

শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এরদোয়ান তুর্কি নাগরিকদের লিরার সঙ্গে বিদেশি মুদ্রা ও স্বর্ণ বিনিময়ের পরামর্শ দিয়েছিলেন।  মুদ্রার দরপতনকে ‘অর্থনৈতিক যুদ্ধ’ হিসেবেও অ্যাখ্যা দিয়েছেন এ তুর্কি প্রেসিডেন্ট।

“এটি ঘরোয়া ও জাতীয় লড়াই। অভ্যুত্থানচেষ্টাকারীদের সুরক্ষায় কিছু দেশ এমন আচরণে লিপ্ত হয়েছে, তারা আইন কিংবা বিচার মানে না। ওই দেশগুলোর সঙ্গে সম্পর্ক এমন এক বিন্দুতে পৌঁছে যাচ্ছে যেখান থেকে তা আর উদ্ধার করা সহজ হবে না,” বলেন এরদোয়ান।

তার ওই ভাষণের পরপরই টুইটারে তুর্কি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প।

তুরস্কের ‘সম্মানে’ অ্যালুমিনিয়াম ও ইস্পাতের শুল্ক যথাক্রমে ২০ ও ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের এ ঘোষণার পরপরই মুদ্রাবাজারে অস্থিরতা শুরু হয়, ইউরোর দর ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন হয়ে পড়ে, ডলারের দাম বাড়ে এক বছরের মধ্যে সর্বোচ্চ।

শুল্ক বাড়ানোর পদক্ষেপকে ‘বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম বিরোধী’ অভিহিত করে ওয়াশিংটনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে আঙ্কারা।

যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার অ্যাখ্যা দিয়ে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, “বিশ্ব বাণিজ্য সংস্থার অন্য সদস্য রাষ্ট্রগুলোও আন্তর্জাতিক আইন মেনে চলবে বলে প্রত্যাশা আমাদের। ”