২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নিষেধাজ্ঞার মুখেও আলোচনার প্রস্তাবে শীতল ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব গ্রহণ করতে অথবা নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় আরও দুর্ভোগে পড়ার মধ্য থেকে একটি বেছে নিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2018, 02:56 PM

Updated : 08 Apr 2022, 06:49 PM

দেশটির ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে সোমবার ফক্স নিউজকে দেওয়া মন্তব্যে হোয়াইট হাউসের এ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এসব মন্তব্য করেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

এ সময় ইরানের সঙ্গে মধ্যস্থতার ব্যাপারে ট্রাম্পের আগ্রহকে তেহরানের গুরুত্ব দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

“মধ্যস্থতার বিষয়ে প্রেসিডেন্টের প্রস্তাব গ্রহণ করা উচিত তাদের, উচিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পূর্ণ ও যাচাইযোগ্য উপায়ে পরিত্যাগ করা। আয়াতুল্লাহ যদি চাপ থেকে বেরিয়ে আসতে চান, তাহলে তাদের উচিত এসে আলোচনায় বসা। আলোচনার সময় চাপ থাকবে না,” বলেছেন বোল্টন।

ইরানিদের মার্কিন ডলার ক্রয়, ধাতু আমদানি-রপ্তানি, কয়লা, শিল্পায়নের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও অটোমোবাইল খাত, মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া ওয়াশিংটনের নিষেধাজ্ঞার লক্ষ্য বলে জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি দশকের পর দশক ধরে পরস্পরের শত্রু হিসেবে পরিচিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও নাজুক হয়েছে। ২০১৭ সালে ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যে ইরানের রাজনৈতিক ও সামরিক উপস্থিতির পরিমাণও বেড়েছে।

চলতি সপ্তাহ থেকে তেহরানের ওপর নতুন করে যে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে, ২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের চুক্তির পর তা তুলে নিয়েছিল ওবামা প্রশাসন।

পারমাণবিক কর্মসূচির লাগাম টানার বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত ইরানের ওই জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশনের (জেসিপিওএ) তীব্র বিরোধী ট্রাম্প চলতে বছরের মে মাসে চুক্তি থেকে ওয়াশিংটনকে সরিয়ে নেন।

মার্কিন প্রশাসন নভেম্বর থেকে ইরানের তেল রপ্তানিতেও বড় ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের একের পর এক এ ধরনের পদক্ষেপের হুমকি এরই মধ্যে তেহরানের অর্থনৈতিক কাঠামোতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। এপ্রিলের পর থেকে ইরানি মুদ্রা রিয়ালের মূল্য অর্ধেকে নেমে আসা ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার পর তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে মজুদদারি ও দুর্নীতির বিরুদ্ধে তুমুল বিক্ষোভ হয়েছে। এসব প্রতিবাদ সমাবেশে অনেক বিক্ষোভকারী সরকারবিরোধী স্লোগানও দিয়েছেন।

মার্কিন প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার মুখেও সংযত প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি সোমবার বলেছেন, ওয়াশিংটন তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারলেই তাদের সঙ্গে আলোচনায় বসতে পারে তেহরান।

ছয় বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্র ফের যোগ দিলে এবং আরোপ করা নিষেধাজ্ঞাগুলো তুলে নিলেই আলোচনার দ্বার উন্মোচিত হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

“আপনি যদি কাউকে ছুরি মারেন এবং তাকে বলেন আলোচনা চাই, তাহলে আপনার প্রথম কাজ হবে ছুরিটি সরিয়ে নেওয়া। কূটনীতি ও আলোচনায় সবসময়ই আগ্রহী আমরা, কিন্তু আলোচনার ক্ষেত্রে দরকার সততা,” রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে বলেছেন রুহানি।

কঠোর মার্কিন নিষেধাজ্ঞায় ইরানিদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

“নিষেধাজ্ঞার কারণে চাপ থাকবেই, আমরা ঐক্যবদ্ধভাবেই এটি অতিক্রম করবো,” বলেছেন ইরানি প্রেসিডেন্ট।

জেসিপিওএ-তে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উল্লেখ না থাকায় চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে এসেছে বলে জানান ট্রাম্প। মধ্যপ্রাচ্যে বিশেষ করে সিরিয়া ও ইয়েমেনের যুদ্ধে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির অবস্থান ও ইসরায়েল-তেহরান উত্তেজনা নিয়েও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব আছে।

তেহরানকে বাগে আনতে তাদের তেল রপ্তানির ওপর নভেম্বর থেকে কঠোর নিষেধাজ্ঞা কার্যকরের পরিকল্পনা আছে ট্রাম্প প্রশাসনের। মিত্র দেশের পাশাপাশি অন্যান্য দেশও যেন ইরানের তেল আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনে সেজন্যও জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

পর্যবেক্ষকরা অবশ্য বলছেন, ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে মার্কিন প্রশাসনের প্রস্তাবনার কিছু দুর্বল দিকও রয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীন এরই মধ্যেই হোয়াইট হাউসের ইরান নীতির বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছে।

তেহরানের ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সোমবারও খেদ জানিয়েছে ইইউ।

“যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা নিষেধাজ্ঞায় আমরা গভীরভাবে দুঃখিত,” এক যৌথ বিবৃতিতে বলেছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে আর্থিক প্রবাহ ঠিক রাখার পাশাপাশি ইরানি অর্থনীতির প্রাণভোমরা খ্যাত তেল-গ্যাস রপ্তানির সুরক্ষায় কাজ করারও আশ্বাস দেওয়া হয়েছে।

ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা আছে মস্কোরও।

ইইউ, রাশিয়া ও চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক অক্ষুন্ন রাখার পাশাপাশি তেহরান তেল রপ্তানি অব্যাহত রাখতে পারলে মার্কিন নিষেধাজ্ঞা তেমন চাপ সৃষ্টি করতে পারবে না বলে ধারণা আন্তর্জাতিক বিশ্লেষকদের।