২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে  ক্ষুধা-অপুষ্টিতে ভোগা ১১ শিশু উদ্ধার

যুক্তরাষ্ট্রে নিউ মেক্সিকোর প্রত্যন্ত অঞ্চলে একটি কম্পাউন্ড থেকে অনাহারে মরতে বসা ১১ শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 09:08 PM

Updated : 08 Apr 2022, 06:49 PM

শিশুগুলোর বয়স এক থেকে ১৫ বছরের মধ্যে। দেখে মনে হয় তারা তৃতীয় বিশ্বের কোনো দেশের শরণার্থী।

শিশুগুলো মাটির ভেতর কিছুটা ডেবে যাওয়া একটি নষ্ট কভার্ডভ্যানের মধ্যে অত্যন্ত মানবেতর অবস্থায় ছিল। নোংরা কাপড়ে থাকা শিশুগুলোর পায়ে কোনো জুতা পর্যন্ত ছিল না বলে জানায় পুলিশ। সেখানে পানি কিংবা বিদ্যুৎও ছিল না।

ঘটনাস্থল থেকে আরও পাঁচজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে খুঁজে পায় পুলিশ। যাদের মধ্যে দুইজনের কাছে ভারী অস্ত্র ছিল।

কেউ একজন পুলিশের কাছে ‘আমরা অনাহারে আছি, আমাদের খাবার ও পানি দরকার’ লেখা বার্তা পাঠায়।

এ বার্তা পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে তল্লাশি অভিযান শুরু করে।

দলটি কিভাবে কলরাডো সীমান্তবর্তী আমালিয়ার ওই বিরান এলাকায় পৌঁছাল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

টাওস কাউন্টি শেরিফ জেরি হজরেফ বলেন, “আমি ৩০ বছর ধরে পুলিশে চাকরি করছি। জীবনে কখনো এ ধরনে ঘটনা দেখিনি, এটি অবিশ্বাস্য।

“তারা কঙ্কালসার ছিল। অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে তারা রীতিমত আতঙ্কিত ছিল।”

ঘটনাস্থলে কোনো সুপেয় পানি নেই। সেখানে খাবার বলতে কিছু আলু এবং এক বক্স চাল ছিল বলে জানায় পুলিশ।

ঘটনাস্থল থেকে দুই অস্ত্রধারী সিরাজ ওয়াহাজ এবং লুকাস মর্টনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাকি তিন নারী শিশুগুলোর মা বলে ধারণা করছে পুলিশ। তাদের আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

উদ্ধার শিশুদের স্থানীয় শিশুসেবা সদনে পাঠানো হয়েছে।