২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের দুই মন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

তুরস্কের বিচারমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সরকার। এক মার্কিন ধর্মযাজককে আটক রাখার জন্য তুরস্ককে শাস্তি দিতে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Aug 2018, 09:08 PM

Updated : 08 Apr 2022, 06:48 PM

যাজক অ্যান্ড্রু ব্রানসনের বিরুদ্ধে দু’বছর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইপ এরদোয়ানের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টায় সমর্থন দেওয়ার অভিযোগ আছে। তার বিরুদ্ধে এ অভিযোগ ভিত্তিহীন বলেই বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স সাংবাদিকদের বলেছেন, “যাজক ব্রানসন ভুল কিছু করেছেন এমন কোনো প্রমাণ আমরা পাইনি। তুরস্ক সরকার তাকে অন্যায়ভাবে আটকে রেখেছে বলেই আমরা মনে করি।”

যাজক ব্রানসনকে তুরস্ক ২১ মাস কারাবন্দি রাখার পর গত সপ্তাহ থেকে গৃহবন্দি করে রেখেছে।

ব্রানসনকে গ্রেপ্তার এবং কারাবন্দি করে রাখার ঘটনায় যুক্তরাষ্ট্র তুরস্কের বিচারমন্ত্রী আবদুল হামিত গুল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সইলুকে দায়ী করে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে এ দুই মন্ত্রীর স্থাবর-অস্থাবর সব সম্পত্তি নিষেধাজ্ঞার কবলে পড়বে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় ওয়াশিংটনের এ পদক্ষেপকে বৈরি আখ্যা দিয়ে এর পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে।