হেফাজতে আসামি হত্যা, ২ ভারতীয় পুলিশের মৃত্যুদণ্ড
ভারতের কেরালা রাজ্যের বিশেষ আদালত পুলিশ হেফাজতে এক আসামিকে হত্যার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড দিয়েছে।
চুরির অপরাধে গ্রেপ্তার করা যুবক উদয় কুমারকে নির্যাতন করে হত্যার ঘটনায় ওই দুই পুলিশ দোষী সাব্যস্ত হন।
কেরালায় পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর জন্য মৃত্যুদণ্ডের রায় এটিই প্রথম।
তাছাড়া, হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার জন্যও আদালত তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে তিন বছরের জেল দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
২৬ বছর বয়সী দিনমজুর উদয়কুমারকে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বরে চুরির সন্দেহে আটক করে পুলিশ। তার কাছে ৪ হাজার রুপি ছিল।
পুলিশ তার কাছ থেকে রুপি নিয়ে তাকে ছেড়ে দেয়। কিন্তু উদয় জানায় সে মাকে উপহার দেবে বলে কথা দিয়েছে। তাই রুপি না নিয়ে চলে যেতে সে অস্বীকৃতি জানায়।
এরপরই ওইদিন সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হয় তার মৃতদেহ। লাশের ময়নাতদন্তের পর ডাক্তাররা নির্যাতনের কারণে উদয়ের মৃত্যু হয়েছে বলে জানান।
উদয়ের মা প্রভাবতী ১৩ বছর ধরে মামলা লড়ার পর শেষ পর্যন্ত ছেলে হত্যার বিচার পেলেন। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।
