বেইজিংয়ের মার্কিন দূতাবাসের বাইরে বিস্ফোরণ
চীনের রাজধানী বেইজিংয়ের মার্কিন দূতাবাসের বাইরে হালকা বিস্ফোরণের খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
বিস্ফোরণের সঙ্গে জড়িত এক যুবক ছাড়া আর কেউই এতে আহত হয়নি বলেও জানিয়েছে বিবিসি।
ওই যুবকই ‘পটকা জাতীয় কোনো পদার্থের’ বিস্ফোরণ ঘটাতে চেষ্টা করেছিলেন বলে ধারণা পুলিশের।
হাতে আঘাত পাওয়া যুবককে হাসপাতালে পাঠানো হলেও তার জীবন নিয়ে সংশয় নেই বলে জানিয়েছে বেইজিং পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে বেইজিংয়ের মার্কিন দূতাবাসের বাইরে ধোঁয়া এবং সেখানে মানুষের জটলা দেখা গেছে।
বিস্ফোরণের কারণে কাছাকাছি থাকা লোকজন ‘বিকট শব্দ’ শুনতে পায় বলে জানিয়েছে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম গ্লোবাল টাইমস। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে নেয়।
বেইজিংয়ের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে দূতাবাসের দক্ষিণ-পূর্ব কোণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে আগের মতোই দূতাবাসের বাইরে ভিসাপ্রার্থীদের ভিড় শুরু হয়।
বিস্ফোরণের ঘণ্টা দুই আগে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় এক নারী নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে সরিয়ে নেয় বলে জানিয়েছে বিবিসি। দুটি ঘটনার মধ্যে কোনো ধরনের যোগসাজশ আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
