পাকিস্তানে ভোট শেষ, চলছে গণনা
ভোটেকেন্দ্রের বাইরে বোমা হামলায় প্রাণহানিসহ নানা ঘটনার মধ্য দিয়ে পাকিস্তানে একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।
স্থানীয় সময় বিকাল ৬টায় ভোট গ্রহণ শেষ হয়, এখন চলছে গণনার কাজ। সন্ধ্যা ৭টার আগে কোনো কেন্দ্রের ফল প্রচার না করতে সংবাদ মাধ্যমগুলোকে অনুরোধ করেছে নির্বাচন কমিশন (ইসিপি)।
বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। দুপুরের দিকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) নির্বাচন কমিশনের কাছে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর আবেদন করেছিল। তবে তাতে সাড়া মেলেনি।
সময় বাড়ানোর অনুরোধ করা চিঠিতে পিএমএল-এন বলে, ভোটকেন্দ্রে একসঙ্গে ৩/৪ জনের বেশি ভোটারকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যে কারণে, ভোট গ্রহণের গতি অত্যন্ত ধীর।
ইমরান খানের দল পিটিআই, বিলওয়াল জারদারি ভুট্টোর দল পিপিপি এবং আওয়ামী মুসলিম লিগের (এএমএল) পক্ষ থেকেও ভোট গ্রহণের সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছিল বলে জানায় দৈনিক ডন।
ইসিপি সময় বাড়ানোর অনুরোধে সাড়া না দিয়ে বলে, বিকাল ৬টার মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত সবার ভোট গ্রহণ করা হবে।
ইসিপির তথ্যানুযায়ী, পার্লামেন্টের নিম্নকক্ষে ২৭২ টি আসনের জন্য মোট ৩৪৫৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারমধ্যে পাঞ্জাবে ১৬২৩ জন, সিন্ধু প্রদেশে ৮২৪ জন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ৭২৫ জন এবং বেলুচিস্তান প্রদেশে ২৮৭ জন প্রার্থী হয়েছেন।
ভোটারদের সরাসরি ভোটে নিম্নকক্ষের ২৭২টি আসন নির্ধারিত হবে। নারী ও সংখ্যালঘুদের জন্য নির্ধারিত বাকি ৭০টি আসন বিজয়ী দলগুলোর মধ্যে সংখ্যানুপাতে বন্টন হবে। তবে মোট ভোটের ৫ শতাংশের নিচে পাওয়া দলগুলোর জন্য এ সুযোগ প্রযোজ্য হবে না।
দেশজুড়ে মোট ৮ হাজার ৫০৮টি ভোটকেন্দ্রে দুই লাখ ৪৪ হাজার ৬৮৭ বুথে ভোট গ্রহণ করা হয়েছে।
লাহোরের মডেল টাউন ভোটকেন্দ্রে ভোট দেন পিএমএল-এন প্রধান শাহবাজ নওয়াজ। ইমরান এবং বিলওয়ালও নিজ নিজ কেন্দ্রে ভোট দেন।
ভোটকে কেন্দ্রে করে সংঘর্ষে এদিন শতাধিক মানুষ হতাহত হয়েছে।
স্থানীয় সময় সকাল ১১টার দিকে কোয়েটার তামীর-ই-নাউ স্কুলে স্থাপিত ভোটকেন্দ্রের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়।
এছাড়া বেলুচিস্তান প্রদেশে একটি ভোটকেন্দ্রে গ্রেনেড হামলায় এক পুলিশ নিহত এবং আরো তিনজন আহত হয়।
মারদান, রাজানপুর, খিপরো ও কোহিস্তানে মারামারির খবর পাওয়া গেছে।
আরও কয়েকটি এলাকায় সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটেছে। একক সরকার গঠনের জন্য কোনো দলকে অন্তত ১৩৭ আসনে জয়লাভ করতে হবে।
চারটি প্রাদেশিক সরকার ও পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য ঠিক করতে এবারের নির্বাচনে প্রায় ১০ কোটি ৬০ লাখ পাকিস্তানি ভোটার নিবন্ধন করেছেন।
বৃহস্পতিবার ভোরের আগেই বেশিরভাগ আসনে বিজয়ীদের নাম জানা যাবে; নিশ্চিত হওয়া যাবে একক কোনো দল, নাকি জোট সরকার আগামী ৫ বছর পাকিস্তানকে নেতৃত্ব দেবে।
