২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে বন্যা-ভূমিধসে নিহত ২৭, আরও বৃষ্টির শঙ্কা

ভিয়েতনামে আঘাত হানা ক্রান্তীয় ঝড় সোন তিনের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭ এ পৌঁছেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 03:21 PM

Updated : 08 Apr 2022, 06:45 PM

নিখোঁজ অন্তত সাতজনের সন্ধানে অভিযান চলছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

অগাস্টের প্রথম দিক পর্যন্ত আরও বৃষ্টি হতে পারে জানিয়ে নাগরিকদের এ ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ভিয়েতনামের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রো-মেটেরোলজিকাল ফোরকাস্টিং। 

দীর্ঘ উপকূলীয় রেখার কারণে ভিয়েতনাম প্রায়ই ধ্বংসাত্মক সব ঝড়-বৃষ্টি ও বন্যার মুখোমুখি হয়। বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয়ে গত বছরও ৩৮৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

গত সপ্তাহে আঘাত হানার সময় গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সোন তিন দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও এর সঙ্গে আসা প্রবল বৃষ্টিতে উত্তর ভিয়েতনামের অনেক অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। রাজধানী হ্যানয়ের বাইরের বেশ কিছু এলাকাও বন্যার পানিতে ডুবে আছে বলে জানিয়েছে রয়টার্স।

সাম্প্রতিক এ বন্যা ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাহাড়ি প্রদেশ ইয়েন বাই-র। এ এলাকাতেই অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

বন্যায় ১২ হাজারেরও বেশি বাড়িঘর তলিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৯০ হাজারেরও বেশি হেক্টর জমির ধানসহ বিভিন্ন ফসল। উত্তর ভিয়েতনামের সঙ্গে অনেক এলাকার যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে আছে।

দেশটিতে গত মাসের ভারী বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসেও উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি প্রদেশ লাই চাউ ও হা গিয়াংয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেবার অন্তত ২৪ ব্যক্তির মৃত্যু হয়েছিল বলে ভিয়েতনামের স্থানীয় সংস্থা ও গণমাধ্যম নিশ্চিত করেছিল।