২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ নারী অভিযুক্ত

রাজনৈতিক দলে অনুপ্রবেশ করে রাশিয়ার সরকারি গোয়েন্দা হিসেবে ষড়যন্ত্রের অভিযোগে ২৯ বছর বয়সী এক রুশ নারীকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2018, 05:19 PM

Updated : 08 Apr 2022, 06:43 PM

ঊর্ধ্বতন এক ক্রেমলিন কর্মকর্তার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে গোপন চর হিসাবে কাজ করার অভিযোগ আছে মারিয়া বুটিনা নামক ওই নারীর বিরুদ্ধে।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফিনল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কয়েকঘণ্টা পরই বুটিনা গ্রেপ্তার হওয়ার খবর আসে।

তাছাড়া, যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তথ্য হাতানোয় বিশেষ মার্কিন কৌসুলি রবার্ট মুলারের দল ১২ রুশকে অভিযুক্ত করার তিনদিন পর এ ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্রে বাস করে আসা রুশ নাগরিক বুটিনা কোনো রেজিস্ট্রেশন ছাড়াই রাশিয়া সরকারের চর হিসাবে কাজ করেছেন এবং আমেরিকার ন্যাশনাল রাইফেলস এসোসিয়েশনসহ রাজনৈতিক সংগঠনগুলোতে অনুপ্রবেশ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে, তিনি (বুটিনা) রিপাবলিকান পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন এবং অস্ত্র রাখার অধিকারের পক্ষে সোচ্চার হয়েছেন।

এই নারী রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশে কাজ করতেন বলেও অভিযোগ রয়েছে।

তবে বুটিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে জানিয়েছে বিবিসি।

বুটিনার আইনজীবী রবার্ট ড্রিসকল এক বিবৃতিতে সোমবার বলেন,তার মক্কেল কোনো এজেন্ট নন।তিনি আন্তর্জাতিক সম্পর্কের একজন শিক্ষার্থী।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে,বুটিনাকে রোববার গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতে শুনানির জন্য তাকে এখন জেলে আটক রাখা হয়েছে।