২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ায় ঐতিহাসিক সফরে ইরিত্রিয়ার প্রেসিডেন্ট

দুই দেশের মধ্যে সীমান্ত লড়াই শুরু হওয়ার বিশ বছর পর এক ঐতিহাসিক সফরে ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ের্কি ইথিওপিয়া সফরে গিয়েছেন।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2018, 05:42 PM

Updated : 08 Apr 2022, 06:42 PM

এই দুই প্রতিবেশী দেশ গত সপ্তাহে ‘যুদ্ধাবস্থা’ অবসানের ঘোষণা দিয়ে চুক্তিতে আবদ্ধ হওয়ার পর শনিবার তিন দিনের সফরে ইথিওপিয়া গেলেন আফওয়ের্কি, খবর বিবিসির।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় পৌঁছানোর পর দেশটির প্রধানমন্ত্রী আবিয় আহমেদ তাকে স্বাগত জানান।

বিমানবন্দরে আফওয়ের্কিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় দলগত সাংস্কৃতি নৃত্য ও বাদ্যযন্ত্র বাজানো হয়।

আদ্দিস আবাবার রাস্তায় সারি দিয়ে দাঁড়ানো হাজার হাজার মানুষ ইরিত্রিয়ার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান, এ সময় তাদের অনেকের হাতেই ইরিত্রিয়ায় পতাকা শোভা পাচ্ছিল। 

গত সপ্তাহে প্রধানমন্ত্রী আবিয় ইরিত্রিয়ার রাজধানী আসমারায় গিয়েছিলেন। সেখানে এই দুই নেতা আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থা অবসানের ঘোষণা দিয়ে কূটনৈতিক সম্পর্ক ও বাণিজ্য চুক্তি পুনঃস্থাপন করেন।

এপ্রিল ইথিওপিয়ার সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন বিষয়ে সংস্কারের ঘোষণা দিয়েছেন আবিয়, পাশাপাশি ইরিত্রিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনেরও ঘোষণা দিয়েছিলেন।

দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হওয়ায় যুদ্ধের কারণে যে পরিবারগুলোর সদস্যরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তারা আবার একত্রিত হওয়ার সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে।

দেশ দুটি ২০০০ সালে শান্তিচুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করলেও তারপর থেকে ‘যুদ্ধও না, শান্তিও না’ অবস্থার মধ্যে ছিল। ১৯৯৮ সালে শুরু হওয়ার পর প্রায় দুই বছর স্থায়ী ওই যুদ্ধে হাজার হাজার লোক নিহত হয়েছিল। 

শান্তিচুক্তি অনুযায়ী দুই দেশের সীমান্ত বিরোধ নিরসনে একটি সীমান্ত কমিশন গঠিত হয়েছিল। কিন্তু সীমান্ত কমিশন, দুই দেশের বিরোধের মূল কেন্দ্র বাদমে শহরকে ইরিত্রিয়ার অংশ ঘোষণা করলে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ইথিওপিয়া। এরপর থেকে দুই দেশের সম্পর্ক এতদিন আর স্বাভাবিক হয়নি।

তাদের এই পরস্পর বিরোধীতার প্রভাব পুরো অঞ্চলজুড়েই ছড়িয়ে পড়তে শুরু করে। সোমালিয়ার দীর্ঘদিনের গৃহযুদ্ধের পরস্পর বিরোধী দুই পক্ষকে সমর্থন দিতে শুরু করে তারা।

ইরিত্রিয়া সোমালিয়ার বিদ্রোহী ইসলামপন্থি জঙ্গিগোষ্ঠীকে সহযোগিতা দিচ্ছে এমন অভিযোগ ওঠে। অপরদিকে যুক্তরাষ্ট্রের মিত্র ইথিওপিয়া সোমালিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষ নেয়।

ইথিওপিয়ার নতুন প্রধানমন্ত্রী আবিয় উদ্যোগ নেওয়ার আগ পর্যন্ত ইরিত্রিয়া যে কোনো সময় দুই দেশের মধ্যে যুদ্ধ আবার শুরু হতে পারে বলে আসছিল। কিন্তু আবিয়র আসমারা সফরের পর এবার আফওয়ের্কির আদ্দিস আবাবা সফরের মাধ্যমে সেই পরিস্থিতির চূড়ান্ত অবসান ঘটল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।