চীনে বন্যায় ১৫ জনের মৃত্যু
ভারি বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও বজ্রঝড়ে চীনে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
বন্যার পানির তোড়ে বেশ কয়েকটি জায়গায় সেতু ধসে পড়েছে, সড়ক ও রেলপথ ডুবে যাওয়ায় কয়েকটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বন্যা দুর্গত হাজার হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে শনিবার জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া।
চীনের আবহাওয়া অধিদপ্তর থেকে শনিবার আরও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণপশ্চিমের প্রদেশ সিচুয়ানে বন্যা ও ভূমিধসের আশঙ্কাও আছে।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সিচুয়ান প্রদেশে বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ১০টির বেশি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া মিন নদীর উপর অন্তত একটি সেতু ধসে পড়েছে।
প্রদেশের চংচিং নগরী থেকে ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
সিচুয়ান প্রদেশে এখন পর্যন্ত বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৬ কোটি মার্কিন ডলার বলে বৃহস্পতিবার জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
উত্তরপশ্চিমের গানসু প্রদেশে ভারি বৃষ্টিপাত ও বন্যায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে শনিবার জানায় দেশটির দৈনিক চায়না ডেইলি।
প্রদেশটির ২০ লাখের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যান্য প্রদেশে আরও তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত কয়েক সপ্তাহ ধরে উত্তর চায়নার স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গলিয়ায় খরা চলছে। সেখানেও শুক্রবার বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
