জাপানে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো
স্মরণকালের রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় জাপানে মৃতের সংখ্যা ১০০ ছাড়িযেছে, নিখোঁজ রয়েছে আরও ৫৬ জন।
সোমবার দুপুর পর্যন্ত ১৯টি প্রদেশের প্রায় ৬০ লাখ মানুষকে সতর্ক অবস্থায় থাকতে বলেছে সরকার। আশ্রয় কেন্দ্রে রয়েছে ২৩ হাজার মানুষ। বৃষ্টিপাতে তলিয়ে যাওয়া ঘর বাড়ি থেকে উদ্ধার তৎপরতা অব্যহত রাখা হযেছে।
নজিরবিহীন পরিস্থিতির কারণে যে চারটি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল বৃষ্টিপাত কমে আসায় তা প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টিপাত কমলেও ভূমিধস অব্যহত থাকতে পারে।
ব্যাপক বৃষ্টিপাতজনিত দুর্যোগের কারণে জাপানের মোটরগাড়ি নির্মাণ কোম্পানীগুলো তাদের কার্যক্রম স্থগিত রেখেছে। বৃষ্টিপাতের কারণে ১৩টি রেললাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় দেশটির পশ্চিমাঞ্চলের ৩৭টি রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
গেল সপ্তাহের মাঝামাঝি সময় থেকে টানা বৃষ্টিপাতে দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রায় পাঁচ লাখ বাসিন্দার শহর কারুশিকি বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি ভাষ্যে বলা হয়েছে।
বৃষ্টিপাতে কয়েকশ বাড়ি ধসে পড়েছে। স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে বাড়িঘরের ভেতরে কিংবা ছাদে আটকাপড়া মানুষদের উদ্ধারের দৃশ্য দেখানো হয়েছে।
