রাশিয়ার বিরুদ্ধে বেপরোয়া বিষ প্রয়োগের অভিযোগ যুক্তরাজ্যের
উইল্টশায়ারে নতুন করে এক যুগল নার্ভ এজেন্ট এর শিকার হওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে ‘বর্বর, অমানবিক এবং বেপরোয়া’ বিষ প্রয়োগের অভিযোগ করেছে যুক্তরাজ্য।
‘যুক্তরাজ্যকে আস্তাকুড়ের মতো বিষ প্রয়োগের ক্ষেত্র হিসাবে রাশিয়া ব্যবহার করছে’ অভিযোগ করে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ ঘটনার ব্যাখ্যা দাবি করেছেন।
সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে হত্যাচেষ্টায় যে বিষাক্ত রাসায়নিক ব্যবহৃত হয়েছিল সেই একই নার্ভ এজেন্ট নোভিচকের ক্রিয়ায় উইল্টশায়ারের ওই যুগলকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার পার্লামেন্টে এক ভাষণে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জাভিদ বলেন, “এ ঘটনায় স্ক্রিপাল ও তার মেয়েকে বেপরোয়া হত্যা চেষ্টার সেই স্মৃতি জেগে উঠবেই। এ বছরের শুরুর দিকে যেটি ঘটেছিল।”
তিনি আরো বলেন, “বিশ্বকাপ ফুটবল খেলা চলার কারণে বিশ্বের দৃষ্টি এখন রাশিয়ার দিকে। তাই রাশিয়ার সামনে এগিয়ে এসে কি ঘটেছে তা বলার সময় এখনই।”
“রাশিয়ার জনগণের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই। বরং আমাদের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা ক্ষুন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া সরকার।”
“আমাদের সমাজ এবং পার্টনারদের নিরাপত্তায় হুমকি সৃষ্টি করে এমন কর্মকান্ডের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। ইচ্ছাকৃত বা দুর্ঘটনাবশত যেভাবেই হোক আমাদের জনগণকে হামলার লক্ষ্য বানানো কিংবা আমাদের রাস্তাঘাট, পার্ক এবং শহরগুলোকে বিষ প্রয়োগের ক্ষেত্র হিসাবে ব্যবহার করা কোনোভবেই মেনে নেওয়া যায় না।”
শনিবার এইমসবুরির একটি বাড়ি থেকে ওই যুগলকে, যাদের ৪৫ বছর বয়সী চার্লি রৌলি ও ৪৪ বছর বয়সী ডন স্টারজেস বলে মনে করা হচ্ছে, উদ্ধার করা হয়। তাদের দুজনের অবস্থাই ‘গুরুতর’ বলে জানিয়েছে বিবিসি।
সলসবেরিতে স্ক্রিপালরা যে স্থানে নোভিচক এজেন্টের শিকার হয়ে সংজ্ঞাহীন হয়েছিলেন সেখানে পড়ে থাকা অবশিষ্ট নার্ভ এজেন্টর সংস্পর্শে এসেই ব্রিটিশ যুগল অসুস্থ হন বলে ধারণা করা হচ্ছে। এর আগে তারা ওই স্থানে গিয়েছিলেন বলেও জানিয়েছে বিবিসি।
বলা হয়েছে, দুইজন শুক্রবার সন্ধ্যায় সলসবেরির দোকানে গিয়েছিলেন। এর পরদিনই স্টারজেস অসুস্থ হয়ে পড়েন এবং তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়। তার মুখ দিয়ে ফেনা উঠছিল। এর কিছুক্ষণ পরই রাউলি অসুস্থ হন।
পার্লামেন্টের ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যে কোনো স্থানেই রাসায়নিক অস্ত্র ব্যবহার করা বর্বরোচিত এবং অমানবিক।”
উইল্টশায়ারের পুলিশ বলেছে, প্রথমে তারা ভেবেছিলেন ওই দুই ব্রিটিশ মাত্রাতিরিক্ত হেরোইন কিংবা কোকেইন সেবনে নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু পরে তাদের অসুস্থতার লক্ষণ দেখে কর্তৃপক্ষ ল্যাবরাটরিতে পরীক্ষার জন্য নমুনা পাঠায় এবং এতেই ধরা পড়ে যে তারা নোভিচক নার্ভ এজেন্ট আক্রান্ত হয়েছেন।
অসুস্থ হওয়ার আগে রৌলি ও স্টারজেস এইমসবুরি ও সলসবুরির যে যে এলাকায় গিয়েছিলেন পুলিশ সেগুলো ঘিরে রেখেছে।
ওদিকে, যুক্তরাজ্যের অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়া বলেছে, টেরিজা মে সরকার তাদেরকে নরকে ঠেলে দিচ্ছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভ পুলিশকে ‘নোংরা রাজনৈতিক খেলায়’ না মাতার আহ্বান জানান এবং বলেন, লন্ডনকে রাশিয়ার কাছে ক্ষমা চাইতে হবে এ ব্যাপারে তিনি নিশ্চিত।
