২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭২ বছর বয়সী ছেলেকে গুলি করে মারলেন ৯২ বছর বয়সী মার্কিন নারী

বৃদ্ধাশ্রমে যাওয়া এড়াতে ৯২ বছর বয়সী এক মার্কিন নারী তার ছেলেকে গুলি করে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2018, 04:20 PM

Updated : 08 Apr 2022, 06:38 PM

আদালতের নথির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ৭২ বছর বয়সী ছেলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা করছে, অনেকদিন ধরেই আনা মায়ে ব্লেসিং তা বুঝতে পারছিলেন। সোমবার সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে ছেলের ঘরেই তাকে গুলি করেন ব্লেসিং।

পুলিশের নথির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, আরিজোনার ফাউন্টেইন হিলস শহরের মারিকোপা কাউন্টির বাসায় ছেলে ও তার বান্ধবীর সঙ্গেই থাকতেন ৯২ বছর বয়সী ব্লেসিং। তার বিরুদ্ধে খুনসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।

মায়ের ‘সঙ্গে বাস করা কঠিন হয়ে উঠছিল’ মনে হওয়ায় তাকে সব ধরনের সুযোগ সুবিধা সম্বলিত একটি কেয়ার হোমে রেখে আসার চিন্তা ছিল ছেলের। 

সোমবার সকালে ছেলের শোবার ঘরে গিয়ে তার মুখোমুখি হওয়ার আগেই গাউনের পকেটে করে ব্লেসিং গোপনে দুটি আগ্নেয়াস্ত্র নিয়ে নেন বলে পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে। 

কথা কাটাকাটির এক পর্যায়ে ১৯৭০ সালে কেনা রিভলবার দিয়ে ছেলের ঘাড়ে ও চোয়ালে গুলি করেন ৯২ বছর বয়সী এ নারী। ছেলের ৫৭ বছর বয়সী বান্ধবীর দিকেও রিভলবারটি তাক করেছিলেন তিনি।

ধস্তাধস্তি পর ছেলের বান্ধবী ওই রিভলবারটিকে ঘরের কোণে ছুঁড়ে ফেলে দিলে আরেকটি পিস্তল বের করেন ব্লেসিং। মৃত স্বামী ১৯৭০ সালে তাকে ওই পিস্তলটি দিয়েছিলেন বলে পরে পুলিশকে জানিয়েছেন তিনি।

ছেলের বান্ধবী ধাক্কা দিয়ে ওই পিস্তলটিও ব্লেসিংয়ের হাত থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় ও পুলিশে খবর দেয়। 

পুলিশ পরে আরিজোনার বাসভবন থেকে চেয়ারে বসে থাকা ব্লেসিংকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে প্রথম মাত্রার খুন, উত্তেজিত হয়ে হামলা ও অপহরণের অভিযোগ আনা হয়েছে। তার জামিন হিসেবে ৫ লাখ ডলার নির্ধারণ করা হয়েছে।