গ্লাসগোর স্কুল অব আর্ট ভবনে আগুন
ভয়াবহ আগুনে স্কটল্যান্ডের বিখ্যাত গ্লাসগো স্কুল অব আর্টের একটি ভবনের অনেকখানিই পুড়ে গেছে।
চার বছর আগের এক অগ্নিকাণ্ডে ম্যাকিন্টোস ভবনের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, কয়েক মিলিয়ন ইউরোর বিনিময়ে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা হলেও এবারের আগুনকে তার চেয়েও ভয়াবহ বলছেন প্রত্যক্ষদর্শীরা।।
শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগার কিছু সময়ের মধ্যেই তা আশপাশের ভবনগুলিতেও ছড়িয়ে পড়ে।
আগুনে ভবন সংশ্লিষ্ট ক্যাম্পাস নাইটক্লাব এবং ওটু এবিসি মিউজিক ভেন্যুর ‘বড় ধরনের ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে স্কটিশ ফায়ার ও রেসকিউ সার্ভিস।
“আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে খানিকটা দেরি হতে পারে। ঘটনাস্থলে ১২০ জনেরও বেশি দমকলকর্মীকে পাঠানো হয়েছে। বেশ জটিল ও প্রতিবন্ধক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের,” বলেন স্কটিশ দমকলবাহিনীর উপ প্রধান ইয়ান বুশেল।
শনিবার ভোরের দিকেও পুড়ে যাওয়া ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছিল বলে জানিয়েছে রয়টার্স।
২০১৪ সালের মে মাসেও ম্যাকিন্টোস ভবনে অগ্নিকাণ্ড হয়েছিল। এবারের আগুনকে ‘তারচেয়েও ভয়াবহ’ অ্যাখ্যা দিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
“ভবনটি যেন একটি ম্যাচবাক্সে পরিণত হয়েছে, খুবই মর্মান্তিক,” বলেন তিনি।
ম্যাকিন্টোস ভবনের আশপাশের বাড়ি থেকে সবাইকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান কনর নিল নামে ২২ বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী। আগুন এত উপরে উঠেছে যে দূরের রাস্তা থেকেও এর ‘কমলা শিখা দেখা যাচ্ছে’, বলেন তিনি।
