ট্রাম্প-কিমের মধ্যাহ্ন ভোজে প্রাচ্য-প্রতীচ্যের মেলবন্ধন
গরুর পাঁজরের মাংসের সঙ্গে টক-মিষ্টি শূকরের মাংস- সিঙ্গাপুরের ঐতিহাসিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের আপ্যায়ন তালিকায় এভাবেই মিশে ছিল পূর্ব ও পশ্চিমের স্বাদ।
মঙ্গলবার দুই নেতার শীর্ষ বৈঠকের পর দুপুরের খাবারে প্রাচ্য ও প্রতীচ্যের মেলবন্ধনের অপূর্ব নজির পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চিংড়ির ককটেল ও অ্যাভোকেডো সালাদ দিয়ে দুই নেতার ভোজনপর্ব শুরু হয় বলে হোয়াইট হাউজের প্রকাশ করা মেন্যুতে দেখা গেছে। সঙ্গে ছিল মধুর ছটা দেওয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার কাঁচা আমের সালাদ ও তাজা অক্টোপাস। ছিল স্টাফ করা শসার কোরীয় ডিস- ‘ওইজেন’।
ট্রাম্প-কিম এবং তাদের প্রতিনিধিদের জন্য শেষ পর্বের মিষ্টান্নে ছিল কালো চকোলেটের টার্টলেট গানাচে, হাগেন-দাজস ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে চেরি কুলিস ও ক্রিমমাখানো পেস্ট্রি ট্রপিজিয়েনে।
