সিঙ্গাপুর সম্মেলন নিয়ে আশাবাদী ট্রাম্প-পম্পেও
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সিঙ্গাপুরের আসন্ন সম্মেলন ‘সুন্দরভাবেই হবে’ এবং দু’নেতা ‘খুব দ্রুতই’ সিদ্ধান্তে পৌঁছবেন বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
মঙ্গলবার সিঙ্গাপুরের সানতোসা দ্বীপে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের প্রস্তুতিমূলক আলোচনা দ্রুতগতিতে এগুচ্ছে বলে জানান মাইক পম্পেও।
সোমবার এক সংবাদ সম্মেলনে পম্পেও বলেন,“আমরা অনুমান করছি, তারা এমনকি আমাদের আশার চাইতেও দ্রুত গতিতে একটি যুক্তিসংগত সামাধানে পৌঁছাবেন।
“এ সম্মেলন আমাদের সম্পর্কের গতিপথ পরিবর্তনের এবং কোরীয় উপদ্বীপে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার একটি অভূতপূর্ব সুযোগ।”
তবে এ বৈঠকে বড় ধরনের সাফল্য পাওয়ার সম্ভাবনা খুব কম বলেও জানিয়েছেন তিনি।
পম্পেও বলেন, “ভবিষ্যতে আমাদের যে কঠোর পথে চলতে হবে তার একটি কাঠামো এই সম্মেলনে নির্ধারিত হবে।”
উত্তর কোরিয়াকে আগে সম্পূর্ণ, প্রমাণসাপেক্ষ এবং অপরিবর্তনীয় নিরস্ত্রীকরণ করতে হবে। তার আগ পর্যন্ত দেশটির উপর আরোপ করা নিষেধাজ্ঞা বহাল থাকবে।
যদি কূটনৈতিক আলোচনা সঠিক পথে অগ্রসর না হয় তবে ‘নিষেধাজ্ঞা আরও বাড়বে’ বলেও সতর্ক করেন তিনি।
রোববার সন্ধ্যায় সিঙ্গাপুর পৌঁছান ট্রাম্প। সোমবার দুপুরে তিনি দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সেখানে তিনি বলেন, “আগামীকাল আমরা খুবই চমৎকার একটি বৈঠকে বসতে যাচ্ছি এবং আমার মনে হয় সব কিছু খুবই ভালভাবে সম্পন্ন হবে।”
সিঙ্গাপুরের সেন্ট রেগিস হোটেলে অবস্থান করছেন কিম। তিনি এখন পর্যন্ত সম্মেলন নিয়ে কোনো কথা বলেনি। তার বোন কিম ইও জং তার সফর সঙ্গী হয়ে সিঙ্গাপুর গেছেন। তাকেও হোটেলের বাইরে আসতে দেখা যায়নি।
