২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি-৭ সম্মেলন: নারী শিক্ষায় প্রায় তিনশ কোটি ডলারের প্রতিশ্রুতি

বিশ্বের দরিদ্রতম নারী ও কন্যা শিশুদের শিক্ষা নিশ্চিত করতে জি-সেভেন দেশগুলোর অংশীদারদের সাহায্য নিয়ে দুইশ ৯০ কোটি ডলার যোগানের পরিকল্পনার কথা জানিয়েছে কানাডা। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2018, 02:53 PM

Updated : 08 Apr 2022, 06:31 PM

বিশ্বজুড়ে বিভিন্ন দেশে শিক্ষা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিতে এই অর্থ তহবিল গঠনে সাহায্য করবে বলে এক বিবৃতিতে বলেছে কানাডার সরকার। 

শনিবার কানাডার কেবেকে জি-সেভেন শীর্ষ সম্মেলনে এই পরিকল্পনার কথা ঘোষণা করা হয় বলে জানিয়েছে বিবিসি।

তিনশ কোটি ডলারের এ বরাদ্দে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি, জাপান, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বিশ্ব ব্যাংকসহ জি-সেভেনের অন্যান্য অংশীদাররা।

বিশ্ব অর্থনীতির ৬০ শতাংশেরও বেশি অংশের নিয়ন্ত্রক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের সরকারপ্রধানদের নিয়ে কানাডায় শুক্র ও শনিবার শিল্পোন্নত সাতটি দেশের বাষির্ক জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

জি-সেভেনের প্রতিশ্রুত এই বরাদ্দ ‘সংকট এবং সংঘর্ষের পরিস্থিতিতে নারী ও মেয়েদের শিক্ষায় একক বৃহত্তম বিনিয়োগ’ হিসেবে হাজির হয়েছে বলে মন্তব্য করেছে কানাডার সরকার।  

প্রস্তাবিত এই বিনিয়োগ ৮০ লাখেরও বেশি কন্যা শিশু ও বালিকার শিক্ষায় সহায়তা করবে বলেও জানিয়েছে তারা।

২০ বছর বয়সী নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই শিক্ষাখাতে নতুন এ বরাদ্দের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য মতে, বিশ্বের সংঘাতমুখর ৩৫টি অঞ্চলের প্রায় ৭ কোটি ৫০ লাখ শিশু এখনো স্কুলের বাইরে; এদের বেশিরভাগই মেয়ে। 

সংঘাতময় পরিস্থিতিতে ছেলেদের তুলনায় মেয়েদের স্কুলে না যাওয়ার হার আড়াইগুণ বেশি বলে জানিয়েছে বিবিসি।

শনিবার কানাডার সরকার যে নতুন বরাদ্দের পরিকল্পনার কথা জানিয়েছে তাতে যুক্তরাজ্য ২৫ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। কানাডা বলেছে, তারা তিন বছরে দেবে ৩১ কোটি ডলার।

সবচেয়ে বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব ব্যাংক, তারা ৫ বছরে দুইশ কোটি ডলার দেওয়ার কথা ঘোষণা করেছে।

কানাডার সরকারের দেওয়া বিবৃতিতে যে যে কর্মকাণ্ডে এ বিনিয়োগ করা হবে, সেগুলো হচ্ছে-
>> ভবিষ্যতে চাকরির জন্য যে দক্ষতা প্রয়োজন হবে তার আলোকে নারী ও মেয়েদের প্রস্তুত করা। 
>> নারী ও কন্যা শিশুদের জন্য ভালো পাঠ্যসূচি তৈরিতে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া। 
>> কন্যা শিশু ও নারীদের শিক্ষা সংক্রান্ত যেসব তথ্য এখন পাওয়া যায় তার মানোন্নয়ন করা।                     >> দাতা সংস্থা ও উন্নয়ন অংশীদারদের মধ্যে আরও ভালো সমন্বয়ের ব্যবস্থা করা। 
>> শরণার্থী ও উদ্বাস্তুসহ ঝুঁকিপূর্ণ এবং দুর্গম এলাকার ক্ষেত্রে সৃজনশীল উপায়ে শিক্ষা দেওয়ার ব্যবস্থায় সহযোগিতা করা। 
>> প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্কুল পর্যন্ত ১২ বছরের মানসম্পন্ন শিক্ষা লাভে উন্নয়নশীল দেশের মেয়েদের সমান সুযোগ নিশ্চিতে সহায়তা করা।