২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়াতেমালায় অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে শতাধিক

গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১০৯ জন হয়েছে। পরিস্থিতি বিপদজনক হওয়ায় উদ্ধার কাজ সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Jun 2018, 11:27 AM

Updated : 11 Oct 2022, 12:24 PM

পুরনো খবর:

গুয়াতেমালায় অগ্ন্যুৎপাত: স্বজনদের খুঁজে ফিরছে পরিবারগুলো

কর্তৃপক্ষ বিপদজনক এলাকাগুলো থেকে স্থানীয় বাসিন্দাদের দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

ফুয়েগোর জ্বালামুখ দিয়ে এখনও উত্তপ্ত ছাই এবং নুড়ি বেরিয়ে আসছে।

ন্যাশনাল ইন্সটিটিউট ফর সিসমোলজি অ্যান্ড ভলকানোলজির পক্ষ থেকে বলা হয়,  “এখনও উদগিরণ চলছে, আগামী কয়েক ঘণ্টায় বা কয়েক দিনে আবারও লাভার স্রোত বেরিয়ে আসতে পারে। যে কারণে ক্ষতিগ্রস্ত এলাকার আশেপাশে অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে।”

গত রোববার ফুয়েগো আগ্নেয়গিরিতে ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত ‍শুরু হয়। পাহাড়ের পাদদেশে অবস্থিত গ্রাম এল রাদেও লাভার স্রোতে সম্পূর্ণ চাপা পড়ে।

গত একশ বছরের মধ্যে গুয়াতেমালায় এটাই সবচেয়ে বড় অগ্ন্যুৎপাতের ঘটনা।

এ ঘটনায় এখনও ১৯২ জন নিখোঁজ রয়েছে, যাদের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে।

তাদের বেশিরভাগই ছাই ও পাথরের নিচে চাপা পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। যে কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকর্মীদের।

সতর্কতার জারির পরও যথা সময়ে স্থানীয়দের সরিয়ে নেওয়ার কাজ শুরু না করায় এত প্রাণহানি হয়েছে অভিযোগ তুলে বিরোধীদলের নেতারা গুয়াতেমালার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (কনরেড) প্রধানের পদত্যাগ দাবি করেছেন।

তারা সরকারকে বিষয়টি তদন্তের আহ্বানও জানিয়েছেন।

সতর্কবার্তা এবং যথাযথ প্রক্রিয়ায় লোকজনদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছিল কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউটর।

স্প্যানিশে ফুয়েগো অর্থ আগুন, রোববার ফুয়েগোতে অগ্নুৎপাত শুরু হলে আকাশে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে  গুয়াতেমালার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছিল। হাজার হাজার একর জমিতে ছড়ানো কফি খামারগুলো আগ্নেয়গিরিটির উদগিরিত ছাইয়ে ঢাকা পড়ে গেছে।

গুয়াতেমালার অর্ধেকের বেশি এলাকা জুড়ে ছাই ছড়িয়ে পড়েছে বলে জানায় ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি)।

কৃষিজমি ছাইয়ে ঢেকে যাওয়ায় চাষাবাদ কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করে আইএফআরসি’র প্রধান বলেন, “আশা করি এটা দ্বিতীয় দুর্যোগের কারণ হবে না।”