গুয়াতেমালায় অগ্ন্যুৎপাত: স্বজনদের খুঁজে ফিরছে পরিবারগুলো
গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে।
সোমবার অস্থায়ীভাবে তৈরি মর্গ ও শহরগুলোর ছাইয়ে ঢাকা সড়কে মরিয়া হয়ে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছিল পরিবারগুলো, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
লাভার স্রোতে চাপা পড়া গ্রাম এল রোদেওর ধ্বংসস্তূপ থেকে আরও লাশ উদ্ধার করার পর নিহতের ঘোষিত সংখ্যা বৃদ্ধি করেছে গুয়াতেমালার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, কনরেড। এ পর্যন্ত নিহতদের মধ্যে অতি অল্প সংখ্যকের পরিচয়ই শনাক্ত করা সম্ভব হয়েছে।
আগ্নেয়গিরিটি থেকে ৩০ কিলোমিটার দূরে এসকুইন্তলা শহরে অস্থায়ী একটি মর্গ স্থাপন করা হয়েছে। এখানে লাশগুলোর মধ্যে নিখোঁজ স্বজনদের হন্য হয়ে খুঁজছেন তাদের পরিবারের সদস্যরা।
৪৬ বছর বয়সী শ্রমিক ফ্রানতিস্কো কিচে নিখোঁজ ছেলেকে শনাক্ত করার চেষ্টায় নিজের রক্তের নমুনা দেন, যদিও ছেলের পরিণতি কী হয়েছে তা ইতোমধ্যেই জেনেছেন তিনি।
এল রোদেও ছেড়ে চলে গিয়েছিলেন তিনি, কিন্তু ছেলে ও ছেলের স্ত্রীর খোঁজে আবার ফিরে এসেছেন। ছেলের বাড়ির দেয়ালের একটি ফুটো দিয়ে ছেলের লাশ দেখতে পেয়েছেন কিচে; ছেলের স্ত্রীরও একই পরিণতি হয়েছে বলে আশঙ্কা তার।
কান্নাভেজা কণ্ঠে কিচে বলেন, “খোদাকে ধন্যবাদ, আমরা সরে পড়ার সময় পেয়েছিলাম; কিন্তু আমার ছেলে ও তার স্ত্রীকে হারিয়ে অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছি।
“আমার ছেলের বয়স মাত্র ২২, তার স্ত্রীও একই বয়সী, সে গর্ভবতী ছিল।”
স্প্যানিশে ফুয়েগো অর্থ আগুন, রোববার এর অগ্ন্যুৎপাতের কারণে বাধ্য হয়ে গুয়াতেমালার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ করে দিতে হয়েছে। হাজার হাজার একর জমিতে ছড়ানো কফি খামারগুলো আগ্নেয়গিরিটির উদগিরিত ছাইয়ে ঢাকা পড়েছে।
স্থানীয় বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী ১৯৭৪ সালের পর দেশটিতে এটিই সবচেয়ে বড় অগ্ন্যুৎপাতের ঘটনা।
সোমবার ফের অগ্ন্যুৎপাত হওয়ায় লাশ উদ্ধারের প্রচেষ্টা ব্যাহত হয়। অগ্ন্যুৎপাত ও আগ্নেয়গিরি ফুয়েগোর দক্ষিণ ঢালে ভূমিধসের মতো কিছু একটা হওয়ায় নতুন করে লোকজনকে সরিয়ে নেওয়া শুরু হয়। পরে বিকালে ভারি বৃষ্টিপাত শুরু হলে এল রোদেওয় পরদিন সকাল পর্যন্ত উদ্ধার কাজ স্থগিত করতে উদ্ধারকারীরা বাধ্য হন বলে জানিয়েছেন কনরেডের এক মুখপাত্র।
রোববারের অগ্ন্যুৎপাতে ছাই ও ধোঁয়ার কুণ্ডুলি আকাশে ১০ কিলোমিটার পর্যন্ত উঠে যায়, এতে আশপাশের বেশ কয়েকটি এলাকা ছাইয়ে ঢাকা পড়ে। এ পর্যন্ত ওইসব এলাকার তিন হাজার দুইশরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কনরেড।
অগ্ন্যুৎপাতের ফুয়েগোর আশপাশের ৬,৮৯০ একর এলাকার কফি বাগান ছাই ও বালুতে ছেয়ে গেছে। এতে গুয়াতেমালার কফি উৎপাদন শূন্য দশমিক ৯১ শতাংশ ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে দেশটির জাতীয় কফি সমিতি।তবে ক্ষয়ক্ষতির পুরো ছবি এখনও পরিষ্কার হয়নি বলে জানিয়েছে তারা।
বৃষ্টি কারণে কিছু এলাকার বাগানের কফি গাছ থেকে ছাই ধুয়ে যেতে শুরু করেছে বলে খবর পাওয়া গেছে।
