২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প-কিম বৈঠকের আগে উত্তর কোরিয়া যাচ্ছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী

আর কয়েকদিন পর নজিরবিহীন এক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে সিঙ্গাপুর। ট্রাম্প-কিম ওই বৈঠকের আগে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালকৃষ্ণান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Jun 2018, 08:37 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী বালকৃষ্ণান বৃহস্পতিবার ও শুক্রবার উত্তর কোরিয়া সফর করবেন বলেও জানানো হয়। 

আগামী ১২ জুন সিঙ্গাপুরের সানতোসা দ্বীপের একটি হোটেলে যুক্তরাষ্ট্রের প্র্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বৈঠক করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এ বৈঠক উপলক্ষ্যে ১১, ১২ ও ১৩ ‍জুন সিঙ্গাপুরের আকাশসীমা ‘রেসট্রিক্টেড’ থাকবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) এবং ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

বালকৃষ্ণান উত্তর কোরিয়ার সুপ্রিম পিপুরস অ্যাসেম্বলিতে যাবেন এবং দেশটির অলঙ্কারিক প্রেসিডেন্ট কিম ইয়ং ন্যামের সঙ্গে দেখা করবেন।

গত মাসে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া উভয় দেশই সিঙ্গাপুরে বৈঠক আয়োজনে রাজি হয়।

ওই সময় হোয়াইট হাউজের পক্ষ থেকে সিঙ্গাপুরকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা বলা হয়েছিল, দেশটি উভয় নেতার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈঠক আয়োজনে নিরপেক্ষ পরিবেশ দিতে পারবে।

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশের সঙ্গে সিঙ্গাপুরের কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

যদিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর গত বছর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে সিঙ্গাপুর। কিন্তু উত্তর কোরিয়া তারপরও দেশটিতে দূতাবাস চালু রেখেছে।

এর আগে ২০০৮ সালে সিঙ্গাপুরের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জর্জ ইয়েও উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন।