মিত্র দেশগুলোর ইস্পাত-অ্যালুমিনিয়ামে শুল্কারোপ করছেন ট্রাম্প
ইউরোপ ও উত্তর আমেরিকার মিত্রদেশগুলো থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মেক্সিকো এবং কানাডা থেকে আমদানি করা ইস্পাতের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে। শুক্রবার মধ্যরাত থেকেই এ শুল্ক কার্যকর হবে।
বৃহস্পতিবার টেলিফোনে এক সংবাদ ব্রিফিংয়ে ঘোষণা দিয়ে একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইলবার রস। এতে সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ হয়ে এর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে মেক্সিকো এবং ইইউ। ‘গভীর হতাশা’ প্রকাশ করেছে যুক্তরাজ্য।
ইইউ এর বাণিজ্য বিষয়ক কমিশনার ম্যালস্ট্রম বলেছেন, “বিশ্ব বাণিজ্যর জন্য এ এক কালো দিন।” ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদে জাঙ্কার বলেছেন, “এ পদক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
এর জবাবে বিষয়টি বিশ্ব বাণিজ্য সংস্থায় তোলা এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করা ছাড়া ইইউ’র আর কোনো উপায় নেই বলে জাঙ্কার মন্তব্য করেন।
ইউরোপ এর আগেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপের তালিকা দিয়েছিল। আর এখন মেক্সিকোও শুল্ক আরোপ করার জন্য পণ্যের তালিকা দিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৩ মার্চে ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। তবে তখন তিনি ইইউ, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনাকে শুল্ক থেকে অব্যাহতি দেন।
সে সময় ইইউভুক্ত দেশগুলোসহ অন্যান্য দেশের উপর শুল্ক কার্যকরের বিষয়টি এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। পরে এ সময়সীমা শেষের আগে ফের একমাসের জন্য তা বাড়ানো হয়। এ বাড়তি সময়সীমা শেষ হচ্ছে শুক্রবারই।
ইইউ পাল্টা পদক্ষেপ নিলে পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে বলে ইতোপূর্বেই হুঁশিয়ারি দিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। ওয়াশিংটন ইইউ’য়ের সঙ্গে কোনো বাণিজ্য যুদ্ধ চায় না বলেও মন্তব্য করেন তিনি।
ওদিকে, ফ্রান্সও আগেই সতর্ক করে বলেছে, শুল্ক আরোপের পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র অন্যায় করছে। ফ্রান্সের অর্থমন্ত্রী গত বুধবার বলেন, “ইইউ’ও বাণিজ্য যুদ্ধ চায় না।” কিন্তু ওয়াশিংটন শুল্ক আরোপ করলে ইইউ পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
