২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবের তায়িফে ছুরিকাঘাতে ট্রাফিক পুলিশ নিহত

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তায়িফে দুই হামলাকারীর ছুরিকাঘাতে এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 12:24 PM

Updated : 08 Apr 2022, 06:28 PM

পরে ওই দুই হামলাকারী নিকটবর্তী ন্যাশনাল গার্ডের স্থাপনায় গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে স্থানীয় সংবাদপত্রগুলো, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

হামলাকারীরা নিহত ট্র্যাফিক পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে ও তার গাড়ি চুরি করে ন্যাশনাল গার্ডের স্থাপনা প্রাঙ্গণে ঢুকে পড়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইন নিউজ সাইট সাবক।

ন্যাশনাল গার্ডের স্থাপনার ভিতরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে এক হামলাকারী আহত হয় ও অপরজন পালিয়ে যান বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে। আহত হামলাকারীকে আটক করা হয়েছে।

প্রতিবেদনে গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর কয়েকজন আহত হওয়ার কথা বলা হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

যোগাযোগ করা হলেও সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

তায়িফ শহর মক্কা নগরীর পূর্ব দিকের পর্বতের উপরে অবস্থিত।