ঝুলন্ত শিশুকে উদ্ধার করে ফ্রান্সের নাগরিকত্ব পাচ্ছেন মালির ‘স্পাইডারম্যান’
প্যারিসে একটি বহুতল ভবনের বারান্দায় ঝুলতে থাকা শিশুকে রেলিং বেয়ে উঠে বাঁচিয়ে ‘স্পাইডারম্যান' খেতাব পাওয়া মালির শরণার্থী তরুণকে নাগরিকত্ব দিচ্ছে ফ্রান্স। দেওয়া হচ্ছে কাজের সুযোগও।
প্রাণের ঝুঁকি নিয়ে শিশুটিকে উদ্ধারের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার সাহসের প্রশংসাও করেছেন।
মামোউদোউ গাসসামা নামক ওই তরুণ শনিবার যে কায়দায় চার বছরের শিশুটিকে বাঁচিয়েছিলেন তা ছিল অনেকটা সেই নামকরা হলিউড সিনেমা স্পাইডারম্যানের মতো।
বহুতল ভবনের চতুর্থতলার ব্যালকনিতে ঝুলে থাকা শিশুটিকে বাঁচাতে গাসসামা ঠিক মাকড়সার মতই একের পর এক বারান্দার রেলিং বেয়ে উপরে উঠে যান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গাসসামার ওই ভিডিও ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে সবাই তার বীরত্বের প্রশংসা করে। এরপরই সবার কাছে তিনি পরিচিতি পেয়েছেন ‘স্পাইডারম্যান’ নামে।
এ ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রো এলিসি প্রাসাদে গাসসামাকে ডেকে পাঠিয়ে তার সঙ্গে কথা বলেছেন এবং তাকে ফ্রান্সের নাগরিকত্ব দেবেন বলে জানিয়েছেন।
ম্যাঁক্রো ব্যক্তিগতভাবে গাসসামাকে সাহসিকতার পুরস্কার হিসেবে একটি মেডেলও দেন এবং ফায়ার সার্ভিসে কাজ করার প্রস্তাব দেন।
গত বছর শরণার্থী হিসেব ফ্রান্সে গিয়েছিলেন গাসসামা। মালি থেকে নৌকায় করে বিপদসংকুল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি হয়ে ফ্রান্সে পৌঁছান তিনি।
যা হয়েছিল:
শনিবার বিকালে প্যারিসের উত্তরের একটি সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন গাসসামা। একটি ভবনের সামনে ভিড় দেখে তিনি সেদিকে এগিয়ে যান।
ম্যাঁক্রোকে তিনি বলেন, “আমার কাছে ভাবনা-চিন্তার সময় ছিল না। আমি রাস্তা ধরে দৌড় দেই এবং ভবন বেয়ে উঠে তাকে বাঁচাই।
“আমি শুধু ভবন বেয়ে উপরে উঠেছি এবং ঈশ্বর কে ধন্যবাদ, তিনি আমাকে সাহায্য করেছেন। আমি যত উপরে উঠছিলাম তত উপরে উঠার সাহস পাচ্ছিলাম। এই ছিল ঘটনা।”
উদ্ধারকারী দল আসার আগেই গাসসামা শিশুটিকে উদ্ধার করেন।
পরে তাদের এক মুখপাত্র বলেন, “সৌভাগ্যবশত, যেখানে শারীরিকভাবে শক্তিশালী এবং সাহসী একজন মানুষ ছিলেন। যিনি শিশুটিকে বাঁচাতে এগিয়ে গেছেন।”
ঘটনার সময় শিশুটির বাবা-মা বাড়িতে ছিলেন না।
শিশুটিকে এভাবে অরক্ষিত অবস্থায় রেখে যাওয়ার কারণে পুলিশ তার বাবাকে জিজ্ঞাসাবাদ করেছে। ঘটনার সময় শিশুটির মা প্যারিসে ছিলেন না।
প্যারিসের মেয়রও ২২ বছরের গাসসামাকে ডেকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তিনি ‘সব নাগরিকের কাছে একটি দৃষ্টান্ত’।
