২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পা ছাড়াই এভারেস্ট জয়!

চল্লিশ বছরেরও বেশি সময় আগে এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে প্রচণ্ড ঠাণ্ডায় অসাড় হয়ে দুটো পা-ই হারাতে হয়েছিলো চীনা পর্বতারোহী শিয়া বোউকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2018, 12:28 AM

Updated : 08 Apr 2022, 06:23 PM

কিন্তু সে দুর্ঘটনা দমাতে পারেনি শিয়ার মাউন্ট এভারেস্ট জয়ের মনোবলকে। সোমবার সকালে ৬৯ বছর বয়সী এই চীনা এভারেস্টের চূড়ায় পৌঁছে ইতিহাস গড়েছেন।

কারণ, পা হারানো পবর্ত আরোহী হিসাবে এভারেস্ট জয়ে শিয়া বোউ বিশ্বে দ্বিতীয় ব্যক্তি হলেও নেপালের দিক থেকে তিনিই প্রথম চূড়ায় পৌঁছেছেন।

শিয়ার আগে দুই পা নেই এমন কেউ নেপালের দিক থেকে বিশ্বের সর্বোচ্চ এ পর্বতশৃঙ্গে উঠতে পারেনি।

এর আগে ২০০৬ সালে দুই পা হারানো আরেক পর্বতারোহী নিউজিল্যান্ডের মার্ক ইঙ্গলিস তিব্বতের দিক থেকে এভারেস্ট জয় করেছিলেন।

১৯৭৫ সালে ফ্রস্টবাইটের কারণে পা কেটে ফেলতে হয়েছিল শিয়া বোউকে। পরে ১৯৯৬ সালে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার সময় তাকে হাঁটুর ওপর থেকে পা কেটে ফেলতে হয়।

তারপর নকল পা নিয়েই ২০১৪, ২০১৫ এবং ২০১৬- তিনবছরই এভারেস্টে ওঠার চেষ্টা চালান শিয়া।

২০১৬ সালে প্রায় চূড়ার কাছেই পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু তুষারঝড়ের কারণে তার সে চেষ্টা ব্যর্থ হয়। সব মিলিয়ে এ বছর পঞ্চমবারের চেষ্টায় শিয়া এভারেস্ট জয়ে সফল হলেন।

গত বছর নেপাল সরকার দুই-পা হারানো ব্যক্তি এবং অন্ধদের জন্য এভারেস্টে ওঠা নিষিদ্ধ করলে চরম হতাশায় পড়ে গিয়েছিলেন তিনি। তবে এ বছর মার্চে নেপালের আদালত সরকারের ওই নিষেধাজ্ঞা বৈষম্যমূলক বলে নাকচ করে দেওয়ার পর শিয়া ফের এভারেস্ট অভিযান শুরু করেন।

এপ্রিলে অভিযানে যাওয়ার আগে তিনি বলেছিলেন, “এভারেস্টের চূড়ায় ওঠা আমার স্বপ্ন। আমাকে তা অনুধাবন করতে হবে। ব্যক্তিগতভাবে এটি আমার জন্য চ্যালেঞ্জও বটে। আমার দুর্ভাগ্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ।”